বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে কখনও কড়া রোদ আবার কখনও মেঘের উঁকিঝুঁকি।আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অঞ্চল ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট প্রায় নেই বললেই চলে। যদিও উত্তরের ছবিটা সম্পূর্ণ আলাদা। দিনভর পাহাড়ের ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস, অনুযায়ী আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মৎস্যজীবীদের জন্য আপাতত রাজ্যের কোথাও কোনও সতর্কতা নেই।