বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল দিয়ে ভারতের মধ্যভাগে সরে যাওয়ায় আপাতত বর্ষার চেনা ছন্দেই বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। বুধবার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। উত্তরে দুর্যোগ চলবে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দিঘাতে, দ্বিতীয় স্থানে হলদিয়ার দুর্গাচক। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় আজ বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।এদিন সকাল থেকেই চড়া রোদে ফের ভ্যাপসা গরম অনুভূত হতে শুরু করেছে।
















