শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। রাজ্যের ১১ টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বঙ্গোপসাগরে জলীয়বাষ্প এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় উইকন্ডে বৃষ্টি (Rain) বাড়বে রাজ্যে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা। 

জুলাইয়ের শেষ দিনে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।