একটানা বৃষ্টি খানিকটা কমলেও দুর্যোগের মেঘ এখনই কাটছে না। নিম্ন চাপের দাপটে গত কয়েকদিন ধরে বর্ষণমুখর বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক নদীতে বেড়েছে জলস্তর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, শক্তি হারালেও বাংলায় এখনও হালকা প্রভাব থাকবে নিম্নচাপের। যার জেরে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain in South Bengal)। উত্তরের একাধিক এলাকায় টানা বৃষ্টিতে ধস নেমে বিপত্তি। পাহাড়ে দুর্যোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে আজ সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছেন নিম্নচাপ। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বাংলা জুড়ে বৃষ্টি চলবে। কলকাতাসহ সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
















