ঘর্মাক্ত ভ্যাপসা গরমের মাঝেই দফায় দফায় বৃষ্টি, যদিও তাতে এতটুকু স্বস্তি মিলছে না। মঙ্গলবারও এই একই পরিস্থিতি বজায় থাকবে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, রয়েছে ঘূর্ণাবর্তও। যার জেলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে পর্যন্ত বৃষ্টি (Rain) হতে পারে। ভারী বৃষ্টি হবে উত্তরে।
সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের সকাল শুরু সূর্যের চোখরাঙানিতে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে গোটা রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। উত্তরের চার জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বাড়বে।
















