ফের বৃষ্টি ভাসতে চলেছে রাজ্য! উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে শনিবার তৈরি হবে নিম্নচাপ। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে আগামী দুদিন সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা রাজ্যে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শনিবার থেকে সোমবারের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলায় ৪০ থেকে ৫০ এবং সংলগ্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শুক্রবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
















