ক্যালেন্ডারের হিসেব যতই বলুক শরৎকাল পড়ে গেছে, প্রকৃতির মেজাজ দেখে তা বোঝার উপায় নেই। রাজ্যে ফের সক্রিয় বর্ষা! পচা ভাদ্র মাসের অস্বস্তিকর গরমের মাঝেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। মঙ্গলবার কলকাতায় দুর্যোগের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুপুরের পর বৃষ্টি শুরু হবে। যদিও তাতে গরম কমবে না কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি।উত্তর-পূর্ব বিহারে ঘূর্ণাবর্ত সক্রিয় থাকার পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর ঠিক সেই কারণে বাংলায় বৃষ্টির ইনিংস কিছুতেই যেন শেষ হতে চাইছে না।আজ পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরের তিন জেলাতেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিমাণ কমবে বলে আশা করা হচ্ছে। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। দিনভর বজায় থাকবে ভ্যাপসা গরম।
















