মঙ্গলবার সকাল থেকে কলকাতা শহরের বিভিন্ন বাজারে অতর্কিত হানা ইবি (Enforcement Branch) আধিকারিকদের। নিত্য প্রয়োজনীয় জিনিস তথা শাক সবজির মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারে তরফ থেকে এই পদক্ষেপ করা হয়েছে। এদিন দক্ষিণ কলকাতার যাদবপুর সুপার মার্কেট (Jadavpur Super Market) এবং বিজয়গড় বাজারে দফায় দফায় তল্লাশি চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা। 

আরও পড়ুন: ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ভুয়ো চিকিৎসকের কাণ্ডে চক্ষুচড়ক গাছ

মূল্যবৃদ্ধির আঁচে সাধারণ মানুষ নাজেহাল। বাজারে গেলে মুহূর্তে পকেট নিঃশেষ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন সরকার পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করবে। এরপর থেকে গত কয়েকদিন ধরে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক বাজারে ইবি আধিকারিকদের হানা দিতে দেখা গিয়েছে। এদিন বিজয়গড় বাজারে একাধিক ওজন মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর মিলেছে। সবজি মাছ মাংস অন্যান্য খাদ্য সামগ্রী আকাশছোঁয়া দাম আটকাতে বিক্রেতাদের বিল এবং ক্রয়মূল্য খতিয়ে দেখা হচ্ছে। খুচরো ও পাইকারি বাজারে সরকারি নিয়ম লঙ্ঘন করা হচ্ছে কিনা তাও পরীক্ষা করে দেখেন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। 

সূত্রের খবর অবৈধভাবে মজুতদারি রুখতে এদিন যাদবপুর এবং বিজয়গড়ে ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্ক করেছে ইবি। তবে শুধু সাধারণ বাজারেই নয়, ওষুধের পাইকারি মার্কেটেও ড্রাগ কন্ট্রোল অভিযান চালাচ্ছে।