“এক সময় এই রাজ্য বামেদের সরকার ছিল। তারা তৃণমূল ছাত্র পরিষদকে কলেজের গেটে, বিশ্ববিদ্যালয়ের গেটে সভা করতে দিত না। আমি তখন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি ছিলাম। সেই দিন দেখেছি, আজ আবার একটা দিন দেখছি। এই রাজ্যের বর্তমান সরকার গণতন্ত্র মানে না। এরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। এই বিজেপি সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করে সমস্ত বিরোধীদের শেষ করে দিতে চাইছে। ছাত্র সমাজকে আজ এর বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ জানাতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলনে। আটাশে অগাস্ট সেই শপথ নেওয়ার দিন।“ এই ভাষাতেই শুক্রবার ক্যাথিড্রাল রোডের সভা থেকে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে নেতা, কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় (Boiswanar Chatterjee)।
আরও পড়ুন: TMCP-এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বিজেপিকে নিশানা ২ ছাত্রনেতার
বৈশ্বানরের কথায়, “এই সরকার তৃণমূলকে (TMC) শেষ করতে চায়। গত কয়েক মাস ধরে আমাদের অফিস ভাঙা হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে, তাদের ঘরছাড়া করা হচ্ছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলা করেছে। অফিস থেকে দলের বোর্ড খুলে দিয়েছে। এ সব চলতে পারে না। এর বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ হতে হবে। কলেজের গেটে গিয়ে সভা করতে হবে। শিক্ষার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এরা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে হত্যা করছে। বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাড়িতে বেরতে দেবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আক্রমণ হবে। এর প্রতিবাদে আপনার গর্জে, আজকের দিনে এটাই আমার আপনাদের কাছে আবেদন।“
















