মর্মান্তিক! হাসপাতাল চত্বরে হঠাৎ গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। সোমবার কলকাতার SSKM হাসপাতালের ভিতরে একটি গাছ মাথায় পড়ে মৃত্যু হয় এক মহিলার। জানা গিয়েছে মৃতা রাহিদা বিবি (৪৬) বীরভূমের নলহাটির বাসিন্দা। সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের বাইরে হঠাৎ গাছটি ভেঙে পড়ে। সেই সময়ে গাছের নীচে থাকা রাহিদা গাছের নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে এসএসকেএমের ইউরোলজি বিভাগে ভর্তি থাকা রোগী আকলিমার দেখাশোনার জন্য নলহাটি থেকে এসেছিলেন রাহিদা। এদিনের ঘটনায় আহত হয়েছেন ৬৮ বছরের জিল্লার রহমান এবং ৭৬ বছরের শিস মহম্মদ শেখ। এই ঘটনায় কোনও অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি।
আরও পড়ুন: মিত্র ইন্সস্টিটিউশনে প্রথম শ্রেণির খুদেকে সাপের ছোবল
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। কীভাবে গাছটি ভেঙে পড়ল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্ষাকালে কলকাতায় গাছ ভেঙে দুর্ঘটনা একেবারেই নতুন নয়। চলতি বছরেও শহরে হাওয়ার দাপটে একাধিক গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ে দু’জনের মৃত্যুও হয়। কিন্তু এই আবহাওয়াতে এসএসকেএম হাসপাতাল চত্বরে সোমবার কীকারণে গাছ ভেঙে পড়ল, সেটি এখনও স্পষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
















