রবিবারের বৃষ্টিভেজা দুপুরটা টলিপাড়ার জন্য এক দারুণ আনন্দের বার্তা নিয়ে এল। মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার। গত জুলাই মাসে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বেবি বাম্পের ছবি শেয়ার করে দুই থেকে তিন হওয়ার যাত্রার কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। আজ সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তাঁদের কোল আলো করে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন: ফ্রিতে ফাংশন থেকে শয্যাসঙ্গী! টলিউডে দুই বিশ্বাসের কেলোরকীর্তি ফাঁস

তবে এই চরম খুশির মুহূর্তের মাঝেই নেটিজেনদের একাংশ কিছুটা বাঁকা চোখে মনে করিয়ে দিচ্ছেন ২০২৪ সালের অগাস্ট মাসের সেই উত্তাল দিনগুলির কথা। আরজি করকাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে স্পষ্টবক্তা সোহিনী ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, এ দেশের যা পরিকাঠামো আর দুর্নীতি, তাতে তিনি নাকি এখানে সন্তান জন্ম দিতেই চান না! অথচ ২০২৬-এর সেপ্টেম্বরে সেই ক্ষোভের মেঘ কেটে গিয়ে দেশের বুকেই জন্ম নিল তাঁর ‘বীরপুরুষ’। স্বভাবতই প্রশ্ন উঠছে—হঠাৎ এমন কী জাদুবলে এ দেশের ওপর ভরসা ফিরে পেলেন তিনি? সমাজমাধ্যমে অনেকেই এখন টিপ্পনী কেটে জানতে চাইছেন, তবে কি দিল্লির বিজেপি সরকারের ‘সুরক্ষা’ আর ‘বিকাশের’ ওপর অভিনেত্রীর আস্থা রাতারাতি বেড়ে গেল? নাকি কেন্দ্রের ‘মোদী কি গ্যারান্টি’ সোহিনীর মনের সব শঙ্কা উড়িয়ে দিয়ে মা হওয়ার সাহস জোগাল?

আরও পড়ুন: সুদর্শনের অটোগ্রাফ ছিঁড়ে স্মৃতি মুছলেন হাফিজুল, কারণ কী

অবশ্য রসিকতা আর ট্রোলিংকে একপাশে সরিয়ে রাখলে দেখা যায়, সব ক্ষোভ বা প্রতিবাদের ওপরে শেষমেশ জয় হয়েছে চিরন্তন মাতৃত্বের অনুভূতির। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে সোহিনী নিজেই জানিয়েছিলেন, দেশের পরিস্থিতি দেখে একসময় সন্দিহান হলেও, মা হওয়ার ইচ্ছেটা তাঁর মনে সবসময়ই ছিল। বিয়ের পর স্বাভাবিক নিয়মেই স্বামী শোভনের সঙ্গে পরিকল্পনা করে জীবনের এই সুন্দরতম অধ্যায়কে স্বাগত জানিয়েছেন তাঁরা। আপাতত রাজনীতির রঙ আর ট্রোলারদের চর্চাকে দূরে সরিয়ে রেখে, নতুন অতিথিকে নিয়ে মাতৃত্বের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে ব্যস্ত টলিপাড়ার নতুন মা।