বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কৃতি স্যানন এবার পোশাক-বিতর্কে সংবাদ শিরোনামে। সম্প্রতি জুয়েলারি ব্র্যান্ড GIVA-র রাখি স্পেশাল বিজ্ঞাপনে ইন্দো-ওয়েস্টার্ন লুকে ধরা দেন কৃতি। অফ-হোয়াইট রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে কেপ ও ড্রেপ করা স্কার্ট পরে অনস্ক্রিন ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা যায় তাঁকে। পাশাপাশি, বিজ্ঞাপনের একটি দৃশ্যে পোষ্য সারমেয়কেও রাখি পরাতে দেখা যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় শোরগোল। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলে, রাখির মতো একটি ঐতিহ্যবাহী পারিবারিক উৎসবে এমন ‘খোলামেলা’ পোশাক কেন বেছে নিলেন অভিনেত্রী? কেউ কেউ আবার পোষ্যকে রাখি পরানোর বিষয়টি নিয়েও আপত্তি জানান। সমালোচনার মুখে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে GIVA।
বিনোদন ছাড়িয়ে বিতর্কের ঝড় ঢুকে পড়ে রাজনীতির আঙিনাতেও। অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তাঁর মতে রাখির একটা পবিত্র অনুষ্ঠানে এইরকম খোলামেলা পোশাক নির্বাচন সম্পূর্ণ বেমানান। এই জলঘোলার মাঝেই নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করে কৃতি স্যাননের পাশে দাঁড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি স্পষ্ট জানান, একজন নারী কী পরবেন, তা তাঁর একান্তই ব্যক্তিগত পছন্দ। এতে নাক গলানো উচিত নয়।" সমালোচনার ঝড় থামিয়ে মুখ খুলেছিলেন কৃতি নিজেও। ইনস্টাগ্রামে তিনি সাফ জানান, "ঐতিহ্য-সংস্কৃতি মনে থাকে, ক্লিভেজে নয়।" নারীর স্বাধীনতায় সমাজের মাতব্বরিমূলক নিদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: ভেন্টিলেশন মানেই কি শেষ সময়? জানুন আসল সত্য
তবে বিতর্ক তাতে থামেনি। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে আসরে নামে GIVA। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে জানানো হয়— "ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের ভাবনার পাশাপাশি পোষ্যদেরও এর অংশ করতে চেয়েছিলাম আমরা। তবে আমাদের সাম্প্রতিক বিজ্ঞাপনটি যদি অনিচ্ছাকৃতভাবে সমাজের কারও ভাবাবেগে আঘাত করে থাকে, তবে তা মোটেও আমাদের উদ্দেশ্য ছিল না। শ্রদ্ধাবশত আমরা সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ওই বিজ্ঞাপনটি তুলে নিচ্ছি।"
আরও পড়ুন: কর্নাটকের জলাশয়ে ভাসছে মা-সহ ৫ সন্তানের মৃতদেহ! ঘনাচ্ছে রহস্য
















