মুক্তির আগেই আলোচনায় ইমরান হাশমির (Emraan Hashmi) পরবর্তী ছবি ‘গানমাস্টার জি৯’। তবে এবার ছবির কাহিনি কিংবা তারকা তালিকা নয়, চর্চার কেন্দ্রে উঠে এসেছে শুটিংয়ের একটি ভিডিও। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাড়ি নিয়ে বিপজ্জনক ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা গিয়েছে। সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা। শুটিংয়ের এমন দৃশ্য কতটা নিরাপদ, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: প্রেসিডেন্সিতে বিবেকানন্দের ছবির উপর আপত্তিকর লেখা! তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
ছবিটির সেটের ওই ভিডিওতে (Video) দেখা যায়, বিশেষ ব্যবস্থায় উপরে তোলা একটি এসইউভি আচমকা ঘুরে নীচে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের উপর পড়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠেন। গোটা দৃশ্যটি দেখে অনেকের মনেই স্বাভাবিকভাবে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ভিডিওতে যা দেখা যাচ্ছে, তার ভিত্তিতে স্টান্টের সময় কোনও প্রযুক্তিগত সমস্যা হয়েছিল কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এদিকে, ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত ছবির প্রযোজনা সংস্থার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। স্টান্টটি পূর্বনির্ধারিত ছিল, নাকি শুটিং চলাকালীন কোনও অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই প্রশ্নেরও উত্তর অধরা। আহত হওয়ার কোনও নিশ্চিত খবরও সামনে আসেনি। ফলে ভাইরাল ভিডিওকে ঘিরে আলোচনা চললেও ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে আরও তথ্যের অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: Thank you অভিষেক স্যার: পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানালেন দীপকে
অ্যাকশন-রোমান্স ঘরানার এই ছবিতে ইমরান হাশমিকে দেখা যাবে ঈশ্বরের চরিত্রে। জেনেলিয়া দেশমুখ অভিনয় করছেন আরতি এবং অপারশক্তি খুরানা রয়েছেন দেসুর ভূমিকায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন আদিত্য দত্ত। সারিম মোমিন ও জুনাইদ ওয়াসি ছবির চিত্রনাট্য লিখেছেন। উল্লেখযোগ্য বিষয়, এই ছবির সূত্রেই ফের একসঙ্গে কাজ করছেন ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত ‘গানমাস্টার জি৯’ আগামী ২৭ নভেম্বর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। মুক্তির আগে শুটিংয়ের এই ভিডিও ছবিটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করলেও, ঘটনার পিছনে ঠিক কী রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।















