মিঠু মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙে পড়েছেন তাঁর জনপ্রিয় ছবি ‘মৌচাক’ ও ‘স্বয়ংসিদ্ধা’-র নায়ক রঞ্জিত মল্লিক। সহ-অভিনেত্রীর প্রয়াণে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই বর্ষীয়ান অভিনেতা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “এটা শকিং নিউজ। এরকম একটা খবর আসবে ভাবতেও পারিনি। এতদিন একসঙ্গে কাজ করেছি। আজ প্রথম যখন খবরটা শুনলাম তখন বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম ভুল খবর। তারপর দু’-চার জায়গা থেকে শোনার পর বুঝলাম সত্যি।”
আরও পড়ুন: বন্দে মাতরম: ২ স্তবকেই থামল কংগ্রেস! কর্নাটক বিধানসভায় বিতর্ক
বিশেষ করে ‘স্বয়ংসিদ্ধা’র কথা বলতে গিয়ে রঞ্জিতের স্মৃতিতে ফিরে আসে সেই সময়ের সহ-অভিনেতাদের কথাও। তাঁর চোখে মিঠু ছিলেন অসাধারণ একজন অভিনেত্রী, যিনি বড় শিল্পীদের পাশে দাঁড়িয়েও নিজের অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তুলতে পারতেন। ছায়া দেবী, সত্য বন্দ্যোপাধ্যায় কিংবা সেই সময়ের অন্যান্য শক্তিশালী অভিনেতাদের সঙ্গে একই ফ্রেমে থেকেও মিঠুর উপস্থিতি কখনও ম্লান হয়ে যেত না। ‘মৌচাক’ ছবিতে মিঠুর অভিনয় ছিল অনবদ্য।
আরও পড়ুন: চলে গেলেন ‘কলকাতার রেখা’, দীর্ঘ লড়াই শেষে বিদায় নিলেন মিঠু
‘মৌচাক’-এ তাঁদের অনস্ক্রিন রসায়ন আজও বাঙালি দর্শকের মনে অমলিন। সেইসব পুরনো দিনের স্মৃতিচারণ করে অভিনেতা জানান, মিঠু অত্যন্ত প্রাণোচ্ছল এবং প্রতিভাবান একজন অভিনেত্রী ছিলেন। তাঁর এই চলে যাওয়া চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি।
এছাড়াও তিনি গভীর শোকপ্রকাশ করে বলেন, “ওঁর কথা ভীষণ ভাবে মনে পড়ছে। ওঁর বাড়ির লোককে সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কিছু করার নেই। মিঠু যেখানেই থাকুক তাঁর আত্মা যেন চির শান্তিতে থাকে। ওঁর আত্মার শান্তি হোক।”
আরও পড়ুন: প্রশ্নের মুখে নামী মাল্টিপ্লেক্সে নারী নিরাপত্তা: কটূক্তির প্রতিবাদে দম্পতিকে মারধর! ধৃত ৬
টলিউডের এই নক্ষত্রপতনে শোকস্তব্ধ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। প্রসেনজিৎ সোশ্যাল মিডিয়ায় গভীর শ্রদ্ধা জানিয়ে লেখেন, “মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর অত্যন্ত বেদনাদায়ক। তাঁর স্মৃতি ও তাঁর কাজ আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে।”
রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ-এর পাশাপাশি শোকপ্রকাশ করেছেন আর এক বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বিশ্ববাংলা সংবাদকে তিনি বলেন, “প্রথমেই বলি আমার একটা আক্ষেপ থেকে গেল আমার ওঁর সঙ্গে ছবি করা হয়নি। শুধুমাত্র ডেটের সমস্যার জন্য।” এরপর তিনি বলেন, ও আমার ভীষণ প্রিয় একজন আর্টিস্ট। ওঁর শেষ তিনটি ছবি ‘স্বয়ংসিদ্ধা’, ‘মৌচাক’, ‘আশ্রিতা’ সুপারহিট ছিল। তবে এত সংবেদনশীল, মিষ্টি এবং অত্যন্ত ভালো একজন অভিনেত্রীকে আমরা হারালাম, এটা সত্যিই খুবই দুঃখের।”
আরও পড়ুন: ২২ গজের পরে রাজনীতির পিচে শামি! জয়ন্তের সঙ্গে সাক্ষাতে জল্পনা তুঙ্গে
বাংলা সিনেমায় যখন নারীদের মনের কথা খোলামেলা বলাটা অত্যন্ত সাহসের বিষয় ছিল, সেই যুগে দাঁড়িয়েও ‘বেশ করেছি, প্রেম করেছি, করবই তো...’ গানে মিঠু মুখোপাধ্যায়ের সেই আবেদনময়ী ও সাহসী অভিনয় আজও সিনেপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। তাঁর এই প্রস্থানে যে টলিউডের একটি অধ্যায়ের অবসান ঘটল তা বলাই বাহুল্য।
















