বলিউডে অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্ট বক্তব্যের জন্যও বরাবরই চর্চায় থাকেন রাধিকা আপ্তে। এবার ফিল্মের শুটিং সেটে পাওয়া এক অস্বস্তিকর প্রস্তাবের কথা প্রকাশ্যে এনে ফের আলোচনায় অভিনেত্রী। তাঁর দাবি, একবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে তাঁকে ‘শুধু অন্তর্বাসেই শ্যুট’ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা শুনে তিনি নিজেই প্রশ্ন করেন—এর প্রয়োজনটা কী?
আরও পড়ুন: বিগ বসের দুর্গে ‘মন্টু পাইলট’-এর এন্ট্রি! সৌরভের আসার মাঝেই কি জোড়া বিদায়?
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানান, কেরিয়ারের শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে তাঁকে নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। সেই অভিজ্ঞতার কারণেই নাকি পরবর্তীকালে ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে ধারণা তৈরি হয় যে, তিনি হয়তো যে কোনও ঘনিষ্ঠ বা সাহসী দৃশ্যে সহজেই রাজি হয়ে যাবেন।
রাধিকার কথায়, সেই ধারণা যে একেবারেই ঠিক নয়, তা তাঁকে বারবার স্পষ্ট করতে হয়েছে। কোনও দৃশ্যে ঘনিষ্ঠতা বা চুম্বনের প্রয়োজন থাকলে এখন তিনি প্রথমেই জানতে চান, গল্পের ক্ষেত্রে সেই দৃশ্যের প্রয়োজনীয়তা ঠিক কোথায়।
আরও পড়ুন: ‘থ্রি ইডিয়টস’-এর রাজু এবার প্রেমের গল্পে, দার্জিলিঙে শুরু শুটিং
তবে সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রাধিকা জানান, এক শুটিং সেটে তাঁকে একটি অ্যাকশন দৃশ্যের জন্য পোশাকের বোতাম না লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। অভিনেত্রী পাল্টা যুক্তি দেন, অ্যাকশন দৃশ্যে স্বাভাবিকভাবেই পোশাক নড়াচড়া করবে। কিন্তু এর পরেই আসে আরও অপ্রত্যাশিত প্রস্তাব—শুধু ব্রা ও অন্তর্বাস পরে সেই দৃশ্যটি করার কথা বলা হয়। এমন প্রস্তাবে স্বাভাবিকভাবেই বিস্মিত হন রাধিকা। তাঁর প্রশ্ন ছিল, “আমরা আসলে কী অর্জন করতে চাইছি?” শেষ পর্যন্ত তিনি সেই প্রস্তাবে রাজি হননি।
আরও পড়ুন: মাতৃত্বের পর বডি শেমিং! ‘সৌন্দর্য তো মনে’, নিন্দুকদের কড়া জবাব ক্যাটরিনার
অভিনেত্রীর বক্তব্য, অতীতে কোনও সাহসী দৃশ্যে অভিনয় করেছেন বলেই ভবিষ্যতে একই ধরনের সব প্রস্তাবে সম্মতি দেবেন—এমন ধারণা একেবারেই ঠিক নয়। তাঁর মতে, একজন অভিনেতার ব্যক্তিগত পছন্দ ও সীমারেখাকে সম্মান করা উচিত। বিশেষ করে কোনও দৃশ্য যদি গল্পের প্রয়োজনের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে শুধু দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অভিনেতাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
রাধিকার এই মন্তব্য ফের সামনে এনে দিয়েছে সিনেমার শুটিং সেটে অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত সীমারেখা এবং ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক। একই সঙ্গে তাঁর বক্তব্যে স্পষ্ট—পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করা মানেই ব্যক্তিগত সীমারেখা নিয়ে আপস করতে রাজি থাকা নয়।
















