টেলিপাড়ায় আবারও মনখারাপের সুর। পথচলা শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো'-র। প্রায় এক বছর ধরে দর্শকদের বিনোদন জোগানোর পর, শুক্রবার চলছে ধারাবাহিকটির শেষ দিনের শুটিং। শেষ হতে চলেছে লাজবন্তী, অনুভব, বনলতার ত্রিকোণ প্রেমের কাহিনী। আর শেষ লগ্নে এসে আবেগ ধরে রাখতে পারলেন না ধারাবাহিকের মুখ্য অভিনেতা সোমরাজ মাইতি (অনুভব)। 

ধারাবাহিকের নায়ক সোমরাজ জানালেন, যেকোনও ধারাবাহিকের শেষ দিনটা ভীষণ কষ্টের হয়। প্রায় এক বছর ধরে যে ফ্লোর, যে সহকর্মী আর যে চরিত্রটার (‘অনুভব’) সাথে প্রতিদিন বাঁচা, এক নিমেষে সেটা অতীত হয়ে যাওয়া মেনে নেওয়া কঠিন। তবে শেষ দিনের শুটিংয়ে মন খারাপ হলেও সোমরাজের স্পষ্ট কথা, “শুরু হলে শেষ তো হবেই।” 

আরও পড়ুন: ওজন থেকে কোলেস্টেরল এক নিমেষে কাবু! ম্যাজিক দেখাবে হেঁশেলের এই আনাজ

এই এক বছরের যাত্রাটা যে মোটেও মসৃণ ছিল না, সে কথা অকপটে স্বীকার করেছেন অভিনেতা। মাঝে বেশ কিছুদিন এই ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে যাওয়ার মতো জটিল পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যেভাবে পুরো টিম আবার ঘুরে দাঁড়িয়েছিল, তা তাঁর কাছে বিরাট প্রাপ্তি। ধারাবাহিকে তাঁর বিপরীতে থাকা সাইনা চট্টোপাধ্যায় (লাজবন্তী), নেতিবাচক চরিত্রে বাজিমাত করা মৈনাক ধোল সহ পুরো টেকনিক্যাল টিমের প্রতি কৃতজ্ঞতা জানান সোমরাজ। তিনি বলেন, এই জার্নিতে সবাই মিলে একটা পরিবারের মতো কাজ করেছেন। 

আরও পড়ুন: মাঝরাতের গোপন চক্রান্ত ফাঁস! দুর্নিবার-অ্যালেক্সের আকচাআকচিতে রণক্ষেত্র বিগ বস-এর ঘর

উত্থান-পতনের মধ্যেও যে দর্শকরা ধারাবাহিকের পাশে ছিলেন এবং ‘লাজবন্তী-অনুভবে’র রসায়নকে ভালোবেসেছেন, তার জন্য দর্শকদের ধন্যবাদ জানাতে ভোলেননি টলিউডের এই হ্যান্ডসাম অভিনেতা। লাজবন্তী, অনুভব আর বনলতার ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েন এবং সমস্ত বাধা পেরিয়ে ভালোবাসার জয়ের এই গল্প দর্শকদের মনে বেশ ভালো জায়গাই করে নিয়েছিল। স্বাভাবিকভাবেই, প্রিয় ধারাবাহিকের এই সমাপ্তি মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তবে অভিনেতার আশা, খুব শীঘ্রই আবার নতুন কোনও গল্প নিয়ে, নতুন কোনও চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।