ভারতীয় শেয়ার বাজারে ক্রমাগত পতন অব্যাহত। সপ্তাহের শুরুতেই বড়সড় ধসের মুখে পড়ল দালাল স্ট্রিট। জোড়া ফলার আঘাতে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল বাজার সূচক। একদিকে বিশ্ব বাজারের মন্দা এবং অন্যদিকে ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেনসেক্স (Sensex) এবং নিফটি (Nifty)। এই নজিরবিহীন পতনে ফের কয়েক লক্ষ কোটি টাকা হারালেন সাধারণ বিনিয়োগকারীরা।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি রবীন্দ্রনাথ! জামাতের 'ভিত্তিহীন' দাবি ঘিরে উত্তাল বাংলাদেশ

সোমবার বাজার খোলার পর সেনসেক্স ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু একটু সময় গড়াতেই তা নেতিবাচক হয়ে যায়। শুরুর সমস্ত লাভ খুইয়ে শেষপর্যন্ত বড় পতনের মুখে পড়ে বিএসই-এর সূচক। ডলারের সাপেক্ষে ৯৮ পয়সা বেড়ে ৯৫.৭৫-এ পৌঁছোয় টাকার দাম, যা গত ছ’মাসের মধ্যে ভারতীয় মুদ্রার সর্বোচ্চ বৃদ্ধি। 

দিনশেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) প্রধান সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) প্রধান সূচক নিফটি, দুই-ই বড় অঙ্কের পয়েন্ট খুইয়ে বন্ধ হয়। প্রায় ৫৪৮ পয়েন্ট কমে ৭১,৯২৫ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। অন্যদিকে, নিফটি ৫০ প্রায় ১৫৭ পয়েন্ট হারিয়ে দিনের লেনদেন শেষ করেছে ২২,৩৬৩ পয়েন্টে। মূলত কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদ বাড়ার নেতিবাচক প্রভাব পড়ে শিল্প ও শেয়ারবাজারে। আজকের পতনের একটি কারণও তাই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর রেপো রেট বাড়ানোর পর বন্ডের বাজারে বিক্রির চাপ আরও বেড়েছে।

আরও পড়ুন: অগাস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল খুচরো মূল্যস্ফীতি, চাপে আমজনতা

নিফটির লোকসানকারী শেয়ারগুলির তালিকার শীর্ষে টেক মাহিন্দ্রা, আইটিসি, এলঅ্যান্ডটি, হিন্দালকো এবং এইচইউএল। অন্যদিকে, ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ়, বাজাজ অটো, ভারত ইলেকট্রনিক্স, বিএসই লিমিটেড এবং টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ির স্টক লাভের মুখ দেখছে। এদিন দালাল স্ট্রিটে আইটি (IT), ব্যাঙ্কিং (Banking), অটোমোবাইল থেকে শুরু করে মেটাল—প্রধান সমস্ত সেক্টরাল ইনডেক্স বা খাতভিত্তিক সূচক লাল সংকেতে বন্ধ হয়েছে।

আরও পড়ুন: পিঠ খোলা বোল্ড অবতারে কাঞ্চনা! ‘বুড়ো বয়সের ভীমরতি’ বলে কটাক্ষ নেটপাড়ায়

বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে চলতে থাকা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) লাগাতার শেয়ার বিক্রির হিড়িকই বাজারকে এই খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। এই পরিস্থিতি বজায় থাকলে আগামী দিনেও বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বাজারের অন্যান্য সূচকের মধ্যে নিফটি মিডক্যাপ অপরিবর্তিত থাকলেও স্মলক্যাপ সূচক ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ পতনের মাঝেও ছোট সংস্থার শেয়ারে ভরসা রেখেছেন লগ্নিকারীরা। 

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে বিশ্ব বাংলা সংবাদ কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)