দ্বিতীয়বারের তলবে শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দিয়েছিলেন অপরূপা পোদ্দার। শনিবার এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিনি। এর ২৪ ঘণ্টা আগে NIA মামলায় অপরূপার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর সাকির আলিরও মঞ্জুর হয়েছে জামিন। তবে এরপর আরামবাগের দু’বারের প্রাক্তন সাংসদ অপরূপাকে এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে হবে।  চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, ফের নোটিশ পাঠানো হতে পারে তাঁকে। আরও পড়ুন:  বিজেপির কার্যালয়ে মিলবে বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবা, উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর

মঙ্গলবার দুপুরে রামনবমীর হিংসার ঘটনায় স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারিয়েছিলেন অপরূপা। কর্তব্যরত মহিলা পুলিশকর্মীদের হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রথম দফার তলব এড়িয়ে যান তিনি। তবে শুক্রবার আইনজীবীর পোশাকে থানায় হাজিরা দেন তিনি। অন্যদিকে এই দিনেই  NIA আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে তাঁর স্বামী সাকিরের। শনিবার স্বামীকে নিয়ে শ্রীরামপুর মহকুমা আদালতে হাজিরা দেন অপরূপা। আদালত তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করে। তবে আগামী ৩০ সেপ্টেম্বর তাঁকে ময়ূখ ভবনে বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট দিনে থানায় হাজিরা দেননি অপরূপা। যার জেরে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছিল। অর্থাৎ, জামিন পেতে হলে অপরূপাকে যেতে হত আদালতে। প্রাক্তন সাংসদের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "আমরা ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে এমপি-এমএলএ আদালতে হাজিরা দেব। পুলিশ পুলিশের কাজ করবে। আমরা আমাদের কাজ করব। আদালত আমাদের কথা মেনেছে। পুলিশ তো অনেক কিছুই বলতে পারে। 'অ্যাটেমপ্ট টু মার্ডার'-এর কোনও ঘটনা না থাকলেও সেই মামলার কেস দেওয়া হচ্ছে। 'অ্যাসল্ট' (আঘাত) তো কাউকে করা হয়নি! পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছিল। আমরা আইনি ভাবে তার লড়াই করব।"