বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পের উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেবেন। উল্লেখ্য, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রায় ১৬ লক্ষ পরিবারের জন্য বাড়ি নির্মাণে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। প্রথম কিস্তিতে উপভোক্তাদের প্রত্যেককে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় কিস্তির আরও ৬০ হাজার টাকা বিতরণ শুরু হচ্ছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক-শিক্ষাকর্মীদের 'সারপ্লাস' বদলিতে আপাতত স্থগিতাদেশ হাই কোর্টের

তবে প্রথম কিস্তির সমস্ত উপভোক্তা দ্বিতীয় কিস্তির অর্থ পাবেন, এমন নয়। সরকার ও সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের তথ্য ও যোগ্যতা নতুন করে যাচাই করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রকৃত যোগ্য হিসেবে চিহ্নিত উপভোক্তারাই দ্বিতীয় কিস্তির অর্থ পাবেন। নিয়ম অনুযায়ী, বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পে একটি বাড়ি নির্মাণের জন্য উপভোক্তাদের মোট ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা দুটি সমান কিস্তিতে ৬০ হাজার টাকা করে প্রদান করা হয়।