তিলোত্তমায় ফের ভেঙে পড়ল সম্পর্কের চেনা সমীকরণ। সামনে এল এক চরম অমানবিক ঘটনা। অভিযোগ সম্পত্তির লোভে ৭২ বছরের অসুস্থ বৃদ্ধ বাবাকে রাস্তার ফুটপাতে ফেলে রেখে চম্পট দিল নিজের ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার নাগেরবাজার এলাকায়। ফুটপাতে প্রায় এক সপ্তাহ ধরে ধুঁকতে থাকা ওই অসহায় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে পুলিশ।

আরও পড়ুন: এখনও নিখোঁজ শর্মিষ্ঠা! বুধে ৩১ পরিবারের সদস্যদের নিয়ে নবান্নে যাবেন মুকুল-পুত্র শুভ্রাংশু

ঠিক কী ঘটেছিল? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম জগন্নাথ জানা। তাঁর আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার বামনবার এলাকায় হলেও, বর্তমানে তিনি দমদমের অজয়নগরের কালীমন্দিরের কাছে তাঁর ছেলে দেবাশিস জানার সঙ্গে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃদ্ধের প্রথম পক্ষের সন্তান মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। দেবাশিস তাঁর দ্বিতীয় পক্ষের সন্তান। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। অভিযোগ, এর পর থেকেই বৃদ্ধ বাবার ওপর অকথ্য অত্যাচার শুরু করে ছেলে দেবাশিস। বাবার সম্পত্তি নিজের দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই সে চাপ দিচ্ছিল। শেষ পর্যন্ত সম্পত্তির সবটুকু হাতিয়ে নিতেই তীব্র অসুস্থ ও অসহায় বাবাকে নাগেরবাজারের রাস্তায় ফেলে রেখে সে চম্পট দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন: মাঝ আকাশে বিবস্ত্র! তরুণীর কীর্তিতে মার্কিন বিমানে হুলুস্থুল

গত সোমবার রাতে নাগেরবাজার থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য পুলিশ কর্মীরা যখন এলাকায় টহল দিচ্ছিলেন, তখন ফুটপাতের একটি দোকানের শেডের নিচে ওই বৃদ্ধকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখেন। বৃদ্ধের পরনে ছিল একটি নোংরা হাফপ্যান্ট ও টি-শার্ট, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে দীর্ঘদিন তিনি স্নান করেননি। মাথার কাছে রাখা ছিল শুধু একটি জলের বোতল। পুলিশ কর্মীরা কাছে গিয়ে নাম জিজ্ঞাসা করলে ভাঙা গলায় বৃদ্ধ উত্তর দেন, “জগ্ননাথ জানা। আমাকে সবাই চেনে।” অসহায় ও তীব্র অসুস্থ অবস্থায় বৃদ্ধকে সেখানে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভরতি করে নাগেরবাজার থানার পুলিশ।

আরও পড়ুন: মনোনয়ন বিলিতে অস্বচ্ছতা! এজিএমের আগে সিএবির জবাব তলব পুলিশের

এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে দেবাশিস জানা পলাতক। নিজের জন্মদাতার সঙ্গে এমন আচরণ করায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ আকাশছোঁয়া। নাগেরবাজার থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ছেলের খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে।