মহারাষ্ট্রের নাগপুরে পানীয় জল পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিক করে বিপত্তি! শ্বাসকষ্ট ও কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বহু মানুষ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় NDRF ও দমকল বাহিনী। ক্লোরিনের ফলে অসুস্থ হয়ে পড়ায় প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁদের ICU-তে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: SSKM হাসপাতাল চত্বরে গাছ ভেঙে মৃত্যু মহিলার

রবিবার রাত একটা নাগাদ গোধনি এলাকার একটি জল পরিশোধন কেন্দ্র থেকে ক্লোরিন গ্যাস লিক হতে শুরু করে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তেই চারপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, কাশি-সহ নানা সমস্যায় আক্রান্ত হন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। জানা যায়, গোধনির জল পরিশোধন কেন্দ্রে থাকা ৯০০ কেজির একটি ক্লোরিন সিলিন্ডার থেকে হঠাৎ করেই গ্যাস বের হতে শুরু করে যার ফলে কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাস গোটা জনবসতি এলাকায় ছড়িয়ে পড়ে। ফাগো পাটিল লেআউট এবং নাগ মন্দির টেকড়ি এলাকার বাসিন্দারাও রীতিমত সমস্যায় পড়েন। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচাতে দৌড়োদৌড়ি শুরু করেন। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন এবং তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন।

আরও পড়ুন: মিত্র ইন্সস্টিটিউশনে প্রথম শ্রেণির খুদেকে সাপের ছোবল

সূত্রের খবর, কমপক্ষে ৪ থেকে ৫ জনকে ICU-তে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্ল্যান্টের কর্মীরাও রয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসার পরে ১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঠিক কীভাবে গ্যাস লিক হল সেই বিষয়ে এখনই কিছু জানা যায় নি। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ।