দিঘাতে (Digha) আবার বদল! পর্যটকদের কাছে বহু পরিচিত ‘দিঘা গেট’-এর (Digha Gate) চেহারা পাল্টানোর কাজ শুরু হচ্ছে। সোম ও মঙ্গলবার, অর্থাৎ পরপর দু’দিন গেটটির সংস্কার করা হবে। ১১৬ নম্বর জাতীয় সড়কের (National Highway) উপরেই এই গেট থাকায় দিনের ব্যস্ত সময়ে কাজ চালানো কার্যত অসম্ভব। তাই যানবাহনের চাপ তুলনামূলক কম থাকে এমন সময়কেই বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ক্যাম্পাসে বহিরাগত ‘দাপাদাপি’, হাই কোর্টে জনস্বার্থ মামলা

প্রশাসন জানিয়েছে, রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত গেটের নীচ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হতে পারে। পরিস্থিতি অনুযায়ী সম্পূর্ণ বন্ধের বদলে আংশিক নিয়ন্ত্রণও করা হতে পারে। কাজ চলাকালীন কর্মীরা গেটের উপরের দিকে থাকবেন, ফলে নীচ দিয়ে গাড়ি চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। গেটটির মাথায় থাকা ‘বিশ্ববাংলা’ লোগো সরানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কাজের টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে গেটটির মূল সংস্কারের কাজ।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (Digha Sankarpur Development Authority) প্রশাসক তথা অতিরিক্ত জেলা শাসক ধুমাল প্রতীক অশোকের (Dhumal Pratik Ashok) কথায়, সাধারণ মানুষের যাতায়াতে যাতে বড় ধরনের সমস্যা না হয়, সেই কারণেই গভীর রাতের সময় বেছে নেওয়া হয়েছে। তাঁর কথায়, ওই সময়ে জাতীয় সড়কে যানবাহনের সংখ্যা অনেকটাই কম থাকে। ফলে নিরাপত্তা বজায় রেখেই সংস্কারের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।