পঞ্চসায়রের (Panchasayar) নবমালঞ্চ এলাকায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। মৃতদের নাম অসিত আশ (৬৭) এবং তাঁর স্ত্রী মন্দিরা আশ (৬০)। রবিবার সকালে দীর্ঘ সময় তাঁদের কোনও সাড়া না পেয়ে আত্মীয়রা খোঁজ নিতে যান। পরে জানলা দিয়ে ঘরের ভিতরে নজর পড়তেই মন্দিরা দেবীকে বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়। একই ঘরে ঝুলন্ত অবস্থায় ছিলেন অসিতবাবু। খবর পেয়ে পঞ্চসায়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: "বিশ্বাসঘাতকদের রাজনৈতিক কেরিয়ার শেষ": ঋত শিবিরকে নিশানা কল্যাণের
পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী মন্দিরাকে হত্যার পরই অসিতবাবু আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে এই অনুমান এখনও নিশ্চিত নয়। কীভাবে মন্দিরা দেবীর মৃত্যু হয়েছে এবং তাঁর মৃত্যুর সঙ্গে অসিতবাবুর কোনও যোগ রয়েছে কি না, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন সূত্রও খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের বক্তব্য, প্রায় দুই দশক আগে তাঁদের একমাত্র সন্তান জটিল অসুস্থতায় মারা যান। সেই ঘটনার পর থেকে দু’জনেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে আর্থিক সমস্যার মধ্যেও পড়েছিলেন তাঁরা। তবে এই পারিবারিক পরিস্থিতিই ঘটনার কারণ কি না, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পুলিশের হাতে নেই।
আরও পড়ুন: যাত্রীদের নিয়ে বিমান ধ্বংসই লক্ষ্য ছিল! ককপিটে কুঠার-হানার ঘটনায় স্বীকারোক্তি ওমানের পাইলটের
তদন্তে নেমে ফ্ল্যাটের ভিতর থেকে একটি লিখিত নোট উদ্ধার হয়েছে। সেখানে দম্পতির মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘরের একটি টেবিল থেকে এক লক্ষ টাকাও উদ্ধার হয়েছে। ওই টাকা তাঁদের শেষকৃত্যের কাজে ব্যবহারের কথা নোটে লেখা ছিল। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। তার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবার।















