বিবাহ বহির্ভূত প্রেমের (Extramarital Affair) সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক অশান্তি। তার পর মাত্র দু’দিনের ব্যবধানে যুগলের অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) কোন্নগরে। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন সঙ্গীতা সাউ এবং সন্দীপ গুপ্ত। দু’জনের মধ্যে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল বলে খবর। স্থানীয় সূত্রে খবর, কোন্নগরের (Konnagar) গোপালচন্দ্র বোস সরণির বাসিন্দা সঙ্গীতার বছর পাঁচেক আগে বিয়ে হয় কোন্নগরেরই সোমনাথ মণ্ডলের সঙ্গে। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। প্রতিবেশীদের দাবি, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত। এর মধ্যেই কোন্নগর চটকল এলাকার বাসিন্দা সন্দীপ গুপ্তের সঙ্গে সঙ্গীতার ঘনিষ্ঠতা তৈরি হয়।
আরও পড়ুন: 'লাভ জিহাদ'-'ল্যান্ড জিহাদ' রুখতে ৬ মাসের মধ্যেই রাজ্যে UCC: ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেই সম্পর্কের কথা পরিবারে জানাজানি হতেই দাম্পত্য অশান্তি আরও বাড়তে থাকে। পরিস্থিতির জেরে প্রায় দু’মাস ধরে বাপের বাড়িতে থাকছিলেন সঙ্গীতা। সেখানেও তাঁর সম্পর্ক নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি চলছিল। এরই মধ্যে বুধবার সন্দীপের সঙ্গে বাইরে বেরিয়েছিলেন সঙ্গীতা। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় ফের পরিবারের সঙ্গে তাঁর অশান্তি হয়। পরদিন অর্থাৎ বৃহস্পতিবারই কোন্নগর রেললাইনের কাছে সন্দীপের দেহ উদ্ধার হয়। বেলুড় জিআরপি তাঁর দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
সন্দীপের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ভেঙে পড়েছিলেন সঙ্গীতা। এরপরেই বাপের বাড়ির দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তবে মেলেনি কোন সুইসাইট নোট (Suicide Note)। ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত নিলেন যুগলের আত্মহত্যা তা স্পষ্ট নয়। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। দুই পরিবারের সদস্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।















