রাজ্যে গুন্ডাগিরি চলবে না, তোলাবাজি চলবে না, আইনের শাসন চলবে- এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু সরকারে আসার তিন মাসের মধ্যেই আসল রূপ বাইরে আসছে বিজেপির নেতাদের। মিষ্টি পছন্দ না হওয়ায় বালিগঞ্জের একটি মিষ্টির দোকানের গুন্ডাগিরি বিজেপি নেতাদের! অভিযোগ, দোকানের কর্মী ও ম্যানেজারকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির ২ নেতার বিরুদ্ধে।  ঘটনায় এক কর্মীর আঙুল ভেঙে যাওয়ারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় কড়েয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তিনটি জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

অভিযোগ, বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সের দোকানে মিষ্টি খেতে এসেছিলেন বিজেপির বালিগঞ্জ বিধানসভার মণ্ডল-১-এর যুব সভাপতি বিবেক ত্রিপাঠি এবং তাঁর এক অনুগামী। মিষ্টি পছন্দ না হওয়াকে কেন্দ্র করে প্রথমে দোকানের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মী এবং ম্যানেজারকে মারধর করা হয় বলে অভিযোগ। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, হামলায় দুই কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের আঙুলে গুরুতর চোট লাগে এবং তা ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: ডিএ নিয়ে রাজ্যের দাবি বনাম কর্মীদের অভিযোগ, সুপ্রিম কোর্টে ফের শুনানি

এই ঘটনায় কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনটি জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে, অভিযোগ ওঠার পর অভিযুক্ত বিজেপি নেতা বিবেক ত্রিপাঠি কড়েয়া থানায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেছেন বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিজেপির তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি।