এর আগে ICDS কর্মীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার অঙ্গনওয়াড়ি (Anganwadi) কেন্দ্রগুলির খাদ্য বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। শুধু খাদ্য বরাদ্দই নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়নেও একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। সোমবার "অঙ্গন মিলন সেবা" কর্মসূচি থেকে প্রসূতি মা ও শিশুদের খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির কথা জানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আরও পড়ুন: “পা ভাঙা, চোখে ক্ষত!” সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ দিদি শ্বেতার

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিশুদের জন্য মাথাপিছু খাদ্য বরাদ্দ ৮ টাকা থেকে বেড়ে ১০ টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রসূতি মায়েদের মাথাপিছু বরাদ্দ ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন উপলক্ষ্যে "সেবা সংকল্প" কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin) এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

আরও পড়ুন: ভিকির ঠোঁটে সিগারেট! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টার ঘিরে বিতর্ক

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ১৯ হাজার রেন্টাল অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। আগামীতে সেগুলো সরকারের নিজস্ব ঠিকানায় হবে। প্রতিটি সেন্টারের জন্য ১২ লক্ষ টাকা করে খরচ করবে সরকার। বিদ্যুৎ সংযোগ, গ্যাসের ওভেন, পরিশুদ্ধ পানীয় জল থেকে শৌচালয়, সমস্ত ব্যবস্থাই করা হবে। আগামী ৫-৬ মাসের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আধুনিকীকরণের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। 

ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতের আওতায় সমস্ত ICDS কর্মীকে যুক্ত করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আগামী বাজেটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।