গত দু’তিন দিন ধরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাজুড়ে চলছে টানা বৃষ্টি। তার জেরেই বৃহস্পতিবার বিকেলে দার্জিলিং (Darjeeling) শহরের অদূরে তাকদায় নামল বড়সড় ভূমিধস (Landslide)। ধসের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকদা ভরসা গ্রামীণ হাসপাতালের একাংশ। হাসপাতালের একটি অংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। ঘটনায় এক চিকিৎসাধীন রোগী আহত হয়েছেন বলে খবর।
আরও পড়ুন: CEC জ্ঞানেশের নেওয়া সব সিদ্ধান্ত বাতিল করে শাস্তিমূলক পদক্ষেপের দাবি: শীর্ষ আদালতে দায়ের PIL
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলের পর থেকেই তাকদা পাহাড়ে বৃষ্টির (Rain) দাপট বাড়তে থাকে। এর পরেই পাহাড়ের মাটি আলগা হয়ে হাসপাতাল সংলগ্ন এলাকায় বড় ধস নামে। ধসের জেরে হাসপাতালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। আচমকা হাসপাতালের একাংশ ভেঙে পড়ায় চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
ঘটনায় এক রোগী আহত হয়েছেন। তাঁকে প্রথমে তাকদা হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর আঘাত গুরুতর নয় বলেই প্রাথমিক ভাবে খবর। হাসপাতালের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানে থাকা অন্যান্য রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। টানা বৃষ্টির মধ্যে ফের ধস নামার আশঙ্কাও রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















