শীর্ষ মাওবাদী নেতা (Maoist Leader) অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’-এর গ্রেফতারির কয়েক দিনের মধ্যেই জঙ্গলমহলে আরও বড় সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF)। পশ্চিম মেদিনীপুরের শালবনির সরবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হল পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা রাজু মাহাতো ওরফে পতিত পবন মাহাতো ওরফে ‘মঙ্গল’কে। তাঁর সঙ্গে ধরা পড়েছেন তাঁর স্ত্রী মালতী মুর্মু ওরফে ‘মালা’। তাঁর মাথার দাম ছিল দুই লক্ষ টাকা। দু’জনকেই শীর্ষ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’-এর ঘনিষ্ঠ বলে দাবি তদন্তকারীদের।
আরও পড়ুন: এবার হাওড়া ব্রিজে রোম্যান্স! প্রিয়জনকে চমক দিতে কলকাতায় নজিরবিহীন উদ্যোগ
পুলিশ সূত্রে খবর, শালবনি থানার (Salboni police Station)অন্তর্গত ৫ নম্বর লালগেড়িয়া এলাকার সরবেড়িয়া গ্রামে গোপন অভিযান চালিয়ে রাজু ও মালতীকে গ্রেফতার করে STF। বেশ কিছুদিন ধরেই তাঁদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাঁদের সন্ধান মেলে। ধৃত দু’জনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের সঙ্গে মাওবাদী সংগঠনের যোগাযোগ, পশ্চিমবঙ্গে তাঁদের গতিবিধি এবং আত্মগোপন করে থাকার বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন STF-এর আধিকারিকরা। তাঁদের কাছ থেকে কোনও অস্ত্র বা অন্য কোনও সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
তদন্তকারী আধিকারিকদের দাবি, রাজু ও মালতীর গ্রেফতারির সঙ্গে কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে অসীম মণ্ডল ওরফে ‘আকাশ’-এর গ্রেফতারির যোগ রয়েছে । আকাশের গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের খোঁজে তদন্ত আরও জোরদার করা হয়। সেই তদন্তের সূত্র ধরেই রাজু মাহাতো ও মালতী মুর্মুর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায় বলে সূত্র মারফত খবর। এরপরই শালবনির জঙ্গলঘেরা এলাকায় অভিযান চালায় STF। তদন্তকারীদের দাবি, রাজু ও মালতী দু’জনেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁদের সঙ্গে আকাশের কী ধরনের সাংগঠনিক যোগাযোগ ছিল এবং মাওবাদী কার্যকলাপে তাঁদের ভূমিকা কী ছিল, তা জানারই এখন চেষ্টা চলছে।
















