অবসর সময় কাটাতে প্রতিবেশীর সঙ্গে বসেছিলেন লুডো (Ludo) খেলতে। কিন্তু সেই খেলাই যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা ভাবতে পারেননি কেউই। লুডো খেলাকে কেন্দ্র করে সামান্য বচসা। অভিযোগ, তার পরেই কোদাল দিয়ে মাথায় আঘাত করা হয় এক প্রৌঢ়কে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।
আরও পড়ুন: হাওড়ায় রাতভোর বুলডোজার, ভাঙা হল প্রাক্তন বিধায়কের কার্যালয়
ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Bashirhat) মিনাখাঁ থানার পুটখালি এলাকায়। মৃতের নাম পরাণ মণ্ডল (৬৫)। ঘটনায় অভিযুক্ত সমীর মণ্ডলকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ (Minakhan Police Station)। স্থানীয় সূত্রে খবর, রাস্তার পাশে বসে লুডো খেলছিলেন পরাণ ও সমীর। অভিযোগ, সেই সময় দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। খেলা চলাকালীন কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই বচসা উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, এর পরেই সমীর একটি কোদাল নিয়ে পরাণের মাথার পিছনে আঘাত করেন। আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পরাণ। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ। শুরু হয় তদন্ত। রাতেই অভিযুক্ত সমীর মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরাণের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সামান্য একটি খেলা থেকে শুরু হওয়া বচসা কী ভাবে মুহূর্তের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠল, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
















