পুজোয় শহর কলকাতায় নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জনের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল (Eastern Railway)। নিরঞ্জনের ভিড় সামলাতে ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর মাঝেরহাট (Majerhat) রুটে একাধিক লোকালের যাত্রাপথে কাটছাঁট করছে রেল। কোথাও মাঝেরহাটের বদলে ট্রেন থামবে বালিগঞ্জে (Ballygunge), কোথাও আবার টালা (Tala) থেকেই শুরু হবে যাত্রা। কয়েকটি ট্রেনকে আবার ঘুরিয়ে দেওয়া হবে অন্য রুটে।

আরও পড়ুন: দিল্লি ঘোষণাপত্র থেকে শুরু করে চিনের সঙ্গে সম্পর্কে,নজরে ব্রিকস থেকে ভারতের প্রাপ্তি

গণেশ পুজো দিয়ে শুরু হচ্ছে উৎসবের মরসুম। তার পরেই বিশ্বকর্মা পুজো। পুজোর পর গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন ঘিরে বাড়তি ভিড়ের সম্ভাবনা রয়েছে। আর গঙ্গার ধার ঘেঁষেই চক্ররেলের এই রুট। তাই ঘাট সংলগ্ন এলাকায় ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে পাঁচ দিনের এই বিশেষ ব্যবস্থা। পূর্ব রেলের দাবি, রাজ্য সরকারের অনুরোধেই নির্দিষ্ট ট্রেনগুলির রুট বদলের সিদ্ধান্ত হয়েছে। ফলে মাঝেরহাট রুটের যাত্রীদের এই পাঁচ দিন একটু বাড়তি সতর্ক থাকতে হবে। 

মাঝেরহাট পর্যন্ত যাওয়ার কথা থাকলেও কয়েকটি লোকাল এবার তার আগেই যাত্রা শেষ করবে।
নৈহাটি-বালিগঞ্জ (৩০১২২), বারাসত-মাঝেরহাট (৩০৩১২) এবং দত্তপুকুর-মাঝেরহাট (৩০৩১৪), এই তিনটি ট্রেন টালা পর্যন্ত চলবে। অন্যদিকে লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল (৩০৭১১)-এর গন্তব্যও পিছিয়ে এনে বালিগঞ্জ করা হয়েছে।

আরও পড়ুন: এল নিনও-র জেরে ভারতে বাড়বে ডেঙ্গি-ম্যালেরিয়া! বাড়ছে উদ্বেগ,সতর্ক করল হু


কয়েকটি ট্রেনের ক্ষেত্রে বদলটা উল্টো। মাঝেরহাট থেকে ছাড়ার পরিবর্তে অন্য স্টেশন থেকেই শুরু হবে যাত্রা। মাঝেরহাট-হাবড়া (৩০৩৩১), বালিগঞ্জ-ব্যারাকপুর (৩০১১১) এবং মাঝেরহাট-নৈহাটি (৩০১২৩), এই ট্রেনগুলির টালা থেকে শুরু ছাড়বে।

এছাড়াও মাঝেরহাট-দত্তপুকুর (৩০৩১৭) লোকাল মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ থেকে ছাড়বে। আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে গন্তব্য না বদলালেও, বদলাচ্ছে চলার পথ। হাবড়া-মাঝেরহাট (৩০৩৩২) লোকালকে কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একইভাবে মাঝেরহাট-দত্তপুকুর (৩০৩৫৩), মাঝেরহাট-রানাঘাট (৩০১৩৫) এবং মাঝেরহাট-বারাসত (৩০৩১৩), এই ট্রেনগুলিও বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।

অন্যদিকে শিয়ালদহ-বি.বা.দি বাগ (৩০৪১৬) লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে। আর বি.বা.দি বাগ-বারুইপুর (৩০৪৫১) লোকালটি মাঝেরহাট থেকেই যাত্রা শুরু করবে।