তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhisekh Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চলা মামলায় বুধবার নতুন প্রসঙ্গ উঠে এল সুপ্রিম কোর্টে ( Supreme Court)। তার পদবির বানান নিয়েই আদালতে প্রশ্ন তুললেন রাজ্যের হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার অভিযোগ, তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সময় পদবির বানানের পার্থক্যকে সামনে এনে একাধিক সময় প্রশ্ন এড়ানোর চেষ্টা করছেন সুমিত।

আরও পড়ুন: ৬ মাস ধরে নিখোঁজ কন্যা! অমৃতার খোঁজে এবার মুখ্যমন্ত্রীর দরবারে কাতর আবেদন মা-বাবার

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্তে তাঁকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সেই সূত্রেই এদিন শীর্ষ আদালতে সুমিতের নামের বানান সংক্রান্ত বিষয়টি সামনে আনেন তুষার মেহতা। শুনানির সময় সলিসিটর জেনারেল জানান, বিভিন্ন ব্যাঙ্কের নথিতে কোথাও সুমিতের পদবি ‘RAY’, আবার কোথাও ‘ROY’ লেখা রয়েছে। এই বানানগত ফারাক দেখিয়ে নথিতে থাকা দুই ব্যক্তি আলাদা এমন যুক্তি তুলে জিজ্ঞাসাবাদের কিছু প্রশ্ন এড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তুষার মেহতার দাবি, সংশ্লিষ্ট ব্যাঙ্ক নথিতে থাকা প্যান কার্ড নম্বর মিলিয়ে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে ‘RAY’ এবং ‘ROY’ একই ব্যক্তির নাম। সেই কারণেই সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে সওয়াল করেন তিনি। শুধু পদবির বানান নয়, জিজ্ঞাসাবাদ নিয়ে আগের শুনানিতে ওঠা অভিযোগেরও জবাব দেন তুষার মেহতা। এদিন আদালতে সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ দাবি করেন, যে অভিযোগের তদন্ত চলছে জিজ্ঞাসাবাদের সময় সেই সংক্রান্ত প্রশ্নই করা হয়নি। সেই দাবি খণ্ডন করে এদিন আদালতে জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট জমা দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিংও আদালতে পেশ করা সম্ভব বলে জানান তিনি।

অন্য দিকে, রাজ্যের আইজীবীর তরফ থেকে তোলা প্যান কার্ড সংক্রান্ত প্রশ্নের সওয়ালের জবাব দিতে এক দিনের সময় চান সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তাঁর দাবি, সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে, তা দলের সদস্যদের মেম্বারশিপ বাবদ পাওয়া অর্থ। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক হওয়ার কারণেই সুমিতকে তদন্তের নিশানায় আনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন দুই পক্ষের বক্তব্যের পর বুধবারের মতো শুনানি শেষ হয়। বৃহস্পতিবার মামলাটির পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।