মালদহের (Malda) মোথাবাড়িকাণ্ডে (Mothabari Incident) এবার সুজাপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে (Sabina Yasmin) তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ২৪ সেপ্টেম্বর তাঁকে এনআইএ-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও এবং তাঁদের উপর হামলার ঘটনায় তলব করা হয়েছে সাবিনাকে।
আরও পড়ুন: হাইকোর্টে খারিজ টুলুর রক্ষাকবচের আর্জি
চলতি বছরের এপ্রিল মাসে মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর-এর (SIR) কাজে নিযুক্ত কয়েক জন বিচারক ও আধিকারিককে ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে। অভিযোগ, দীর্ঘ সময় তাঁদের সেখানে আটকে রাখা হয়েছিল। পরে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় গাড়িতেও হামলা চালানো হয়। মহিলা বিচারক-সহ অন্য বিচারকদের হেনস্থার অভিযোগও সামনে আসে। ঘটনাকে কেন্দ্র করে মোথাবাড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। এই ঘটনায় একাধিক মামলা দায়ের হয়।
পরে আদালতের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। তদন্তের সূত্রে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মী এবং সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুর রহমানকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাবিনার স্বামী মহম্মদ মেহবুব আলমকেও এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বার সরাসরি সাবিনা ইয়াসমিনকেই তলব করেছে এনআইএ। তাঁকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত কিছু প্রকাশ্যে জানানো হয়নি। মোথাবাড়ি কাণ্ডের তদন্তের সূত্রেই এই তলব বলে জানা যাচ্ছে।
মোথাবাড়ি মামলার তদন্তে ইতিমধ্যেই চার্জশিটও (Charge sheet) পেশ করেছে এনআইএ। মোট ১২টি মামলার মধ্যে কয়েকটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তার মধ্যে দু’টি মামলার মধ্যে একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে। আর একটি মামলায় ১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কর্মীর কাজে বাধা, বেআইনি ভাবে আটকে রাখা, হামলা-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।
















