আর অবাধে প্রবেশ নয় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসে। রাত ৮টার পর বিশেষ অনুমতি বা জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ভিতরের পড়ুয়ারাও ৮টার পর ক্যাম্পাসের কোথাও জমায়েত করতে পারবেন না।
আরও পড়ুন: আকাশযুদ্ধে নতুন অধ্যায়, পোখরানে ড্রোন প্রযুক্তির মহড়া বায়ুসেনার
সম্প্রতি ক্যাম্পাসে অশান্তি এবং বহিরাগতদের তাণ্ডবের জেরে অশান্ত হয় যাদবপুর। এবিভিপি (ABVP) ও এসএফএই (SFI) প্রকাশ্য সংঘর্ষে জড়ায়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যাদবপুরের বুকে 'গেরুয়া সম্মান যাত্রা' করেন। সেখান থেকে কার্যত স্পষ্ট ভাষায় তিনি হুঁশিয়ারি দেন, প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রোন চালিয়ে নজরদারি রাখা হবে। আর তারপরেই কড়া অবস্থান নিতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবজিৎ দত্ত। নিয়ম ভাঙলে অনধিকার প্রবেশের অভিযোগে আইনি পদক্ষেপের কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন: পেশাদার ফুটবল থেকে অবসর প্রবীরের, জাতীয় দলে ফুটবলার ছাড়া নিয়ে জট অব্যাহত
তবে সান্ধ্যকালীন ক্লাসের পড়ুয়াদের জন্য কিছুটা ছাড় থাকছে। বৈধ পরিচয়পত্র থাকলে তাঁরা রাত সাড়ে ৯টা পর্যন্ত ক্যাম্পাসে থাকতে পারবেন। দিনের বেলাতেও বহিরাগতদের প্রবেশে নজরদারি বাড়ানো হচ্ছে। ক্যাম্পাসে ঢোকার সময় নাম, স্বাক্ষর এবং প্রবেশের সময় নথিভুক্ত করতে হবে। ছুটির দিনেও পরিচয়পত্র ছাড়া প্রবেশের অনুমতি মিলবে না।
তবে রাত ৮টার পর পড়ুয়ারা ক্যাম্পাসে হাঁটাচলা করতে পারবেন না, এমন কোনও নিষেধাজ্ঞা নেই। রেজিস্ট্রারের বক্তব্য, ব্যক্তিগত ভাবে ঘোরাফেরা করা যাবে, কিন্তু কোনও ধরনের জমায়েত করা যাবে না। বিষয়টি নজরে রাখতে বিশেষ মনিটরিং কমিটিও থাকবে। এর পাশাপাশি ক্যাম্পাসে মাদক বা অন্য কোনও বেআইনি সামগ্রী নিয়ে প্রবেশ করলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা হিসাবেও বিশ্ববিদ্যালয় চত্বর ব্যবহার করা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, পড়ুয়াদের নিরাপত্তাই এই কড়াকড়ির মূল কারণ। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি মিটিয়ে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ভাবমূর্তিও আরও উন্নত করতে চাইছে কর্তৃপক্ষ।
















