সমাজমাধ্যমে একটি পোস্ট লিখে নতুন জল্পনার জন্ম দিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস (Paresh Ram Das, Trinamool MLA from Canning West)। সোমবার সকালে তিনি পোস্ট করেন, ‘‘আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে’’। আর সেই পোস্টের কিছুক্ষণের মধ্যেই ভবানী ভবনে (Bhabani Bhaban) CID দফতরে হাজিরা। ফলে বিধায়কের এই বিদায়ী বার্তার নেপথ্যে কী কারণ, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে আলোচনা। বিশেষ করে CID-এর জিজ্ঞাসাবাদের মুখে দাঁড়িয়ে এমন পোস্ট কেন, সেই প্রশ্নও উঠছে।
পঞ্চায়েত ভোটের সময় ক্যানিংয়ে ঘটে যাওয়া গুলি চালানোর ঘটনাই রয়েছে এই মামলার কেন্দ্রে। ২০২৩ সালের সেই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে মামলা হয়েছিল। পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। মামলার তদন্তের প্রয়োজনে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। সেই সূত্রেই পরেশ রাম দাসকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সোমবার ভবানী ভবনে তাঁর হাজিরার সময় নির্ধারিত ছিল দুপুর ১২টা। কিন্তু বেলা ১১.৩০ নাগাদই পৌঁছে যান বিধায়ক। সকালে মন্দিরে পুজো দিয়েই CID দফতরের পথে রওনা হন তিনি।
আরও পড়ুন: প্রতীক আপাতত ফ্রিজ হলেও অ্যাকাউন্ট ব্যবহারে কোনও বাধা নেই; নির্দেশ হাইকোর্টের
আগের বার ডাকা হলেও তদন্তকারীদের সামনে হাজির হননি পরেশ রাম দাস। তবে এবার আর সেই পথে হাঁটলেন না তিনি। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেলেন ভবানী ভবনে। আর তাঁর হাজিরার সঙ্গে প্রায় একই সময়ে সামনে এল ‘আলবিদা ক্যানিং’ বার্তা। ফলে রাজনৈতিক মহলে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছে পোস্টটির অর্থ নিয়ে। CID-এর জিজ্ঞাসাবাদের সঙ্গে কি এই বার্তার কোনও সম্পর্ক রয়েছে? নাকি নিছকই ব্যক্তিগত কোনও বার্তা তা অবশ্য স্পষ্ট করেননি বিধায়ক।
















