সোমবার থেকে রাজ্যে শুরু হল রোড সেফটি উইক। এদিন সকালেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজ্যবাসীকে সচেতনতার ডাক দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৩ অগাস্ট থেকে ৯ অগাস্ট পর্যন্ত চলবে এই সপ্তাহের রোড সেফটি উইক। পথে নিরাপত্তা সুনিশ্চিত করতে পথ দুর্ঘটনা এড়াতে বেশ কিছু অঙ্গীকারের ডাক দেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের উদ্যোগে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় সপ্তাহব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রার অনুমতি-মামলা হাই কোর্টেই পাঠাল শীর্ষ আদালত

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, "পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের ট্রাফিক ইউনিটের ব্যবস্থাপনায় আজ ৩রা আগস্ট থেকে ৯ই আগস্ট জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পালিত হবে "পথ নিরাপত্তা সপ্তাহ - ২০২৬"। এই কর্মসূচির এবারের অঙ্গীকার 'নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ'। সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, সড়ক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, এটা প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্বও। চালক, মোটরবাইক আরোহী কিংবা পথচারী- সকলের সচেতনতা ও সতর্কতাই সড়ক দুর্ঘটনা রুখতে পারবে। 

রোড সেফটি উইক উপলক্ষে নাগরিকদের কয়েকটি বিষয় মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেগুলো হল-ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলা, খুব দ্রুত গতিতে গাড়ি না চালান। ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালান, চার চাকার গাড়িতে সিটবেল্ট এবং দু’চাকার ক্ষেত্রে হেলমেট ব্যবহার করা। পাশাপাশি অন্যদেরও পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করার আবেদনও জানান হয়েছে।

মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন, "তাই সকল সচেতন নাগরিকদের সহযোগিতা ও উদ্যোগের মাধ্যমে গড়ে উঠুক দুর্ঘটনামুক্ত আগামীর পশ্চিমবঙ্গ। আসুন, পথ নিরাপত্তা সপ্তাহে আমরা সকলে শপথ নিই নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তার স্বার্থে ট্র্যাফিক আইন মেনে চলব, অন্যকেও সচেতন করব। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও সচেতন আগামী দিনের পশ্চিমবঙ্গ।"