শান্তিনিকেতনে সোনাঝুড়ি জঙ্গলের কাছে তল্লাশি চালিয়ে টুলু 'ঘনিষ্ঠ' তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন তাঁরা। যদিও আটকের বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, তল্লাশি চালানো ওই বাড়িটিতে ঢোকার মুখে বেশ কয়েক মাস ধরে একটি গাড়ি পড়ে ছিল। সূত্রের খবর, গাড়িটি টুলুর শ্যালক এমডি শামসুর আলমের। তবে এ বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘকে ময়ূর উপহার ভারতের

সম্প্রতি বীরভূমের মহম্মদবাজারের ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বীরভূম জেলা পুলিশ। মামলায় প্রধান অভিযুক্তদের তালিকায় রয়েছে টুলুর নাম। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আত্মগোপন করেছে টুলু। তিনি বিদেশে আত্মগোপন করেছেন বলে জল্পনা রয়েছে। এদিকে নিরাপত্তা এবং আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, এখনও পর্যন্ত টুলুর প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি ‘ফ্রিজ’ করা হয়েছে। এর মধ্যে মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনাও রয়েছে। পুলিশি জেরায় মিনার দাবি করেছেন, টুলু তাঁকে তাঁর সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তবে টুলু বর্তমানে কোথায়, তা এখনও স্পষ্ট নয়।