‘মমতা যেখানে দাঁড়ান, লাইন সেখান থেকেই শুরু হয়।’ জোড়াফুল প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েনের আবহে এমনই ‘ফিল্মি’ বার্তা দিলেন বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রতীক নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গ্রহণযোগ্যতাকেই প্রাধান্য দিলেন তিনি। কুণালের দাবি, প্রতীক নিয়ে মমতাপন্থীদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, তাঁদের কাছে আসল ‘ফ্যাক্টর’ মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: রাষ্ট্রপতির ADC পদে প্রথম মহিলা সেনা আধিকারিক, ইতিহাস গড়লেন মেজর নব্যা
কুণালের বক্তব্য, যে প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব করবে, মানুষের কাছে সেই প্রতীকেরই গ্রহণযোগ্যতা তৈরি হবে। এর ব্যাখ্যা দিতে গিয়ে অতীতের প্রসঙ্গও টেনে আনেন তিনি। কুণালের কথায় ,মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন, তখন তাঁর নির্বাচনী প্রতীক ছিল ‘হাত’। পরবর্তীতে নতুন দল তৈরি করে তিনি নতুন প্রতীক আনেন। সেই জোড়াফুল প্রতীকও মানুষ গ্রহণ করেন।
আরও পড়ুন: UPI পেমেন্টে এবার MDR, আপনার পকেট থেকে কি কাটবে অতিরিক্ত টাকা? জানুন
প্রতীক বদলের প্রসঙ্গে এদিন ইন্দিরা গান্ধীর উদাহরণও টানেন কুণাল। তাঁর কথায়, ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনে একাধিকবার দলীয় প্রতীক বদলেছেন। কংগ্রেসের প্রতীকও বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। এমনকি সিপিআইএমের প্রতীক নিয়েও পরিবর্তনের প্রসঙ্গ টানেন তিনি।
কুণালের কথায়, প্রতীক নয়, মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ সমর্থন করেন। তাই প্রতীককে ‘নিমিত্তমাত্র’ বলেই ব্যাখ্যা করেছেন তৃণমূল বিধায়ক।
















