রাজ্যের দিকে দিকে বিক্ষোভ, অন্নপূর্ণা যোজনায় ঢুকছে না টাকা। এই নিয়ে মানসিক অবসাদের জেরে আত্মহত্যার অভিযোগ মালদহে। মৃতের নাম অনিতা খাতুন (৩২)। অনিতা জেলার গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের বাচাহার গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, ওই অনিতার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের দাবি, তৃণমূল সরকারের আমলে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন। পরবর্তীতে বিজেপি সরকার আসার পর তিনি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম জমা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই প্রকল্পের কোনো টাকা তাঁর অ্যাকাউন্টে ঢোকেনি।
আরও পড়ুন: আইনি নোটিশের পাল্টা! টোডিকে ৭ প্রশ্ন কুণালের
পরিবারের সদস্যদের অভিযোগ, প্রকল্পের টাকা না পাওয়ায় তিনি বারংবার পঞ্চায়েত দফতর থেকে ব্লক দফতরে ছোটাছুটি করেছিলেন। কিন্তু কোথাও থেকে কোনও সদুত্তর বা সুরাহা মেলেনি। এর ফলে তিনি চরম মানসিক অবসাদ ও হতাশায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে তাঁর স্বামী ইনজামামুল হক প্রাত্যহিক কাজের জন্য বাড়ির বাইরে যান। সেই সময় ফাঁকা বাড়িতে নিজের ঘরের বারান্দায় গলায় ওড়না জড়িয়ে তিনি আত্মঘাতী হন। পরিবারের দাবি, সরকারি প্রকল্পের টাকা না পাওয়ার আক্ষেপ এবং মানসিক চাপই তাঁর এই চরম পথ বেছে নেওয়ার কারণ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা গাজোল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে।
















