সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণ রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। সোমবারের পর মঙ্গলবারেও উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)।

আরও পড়ুন: মণ্ডল সভাপতির বিরুদ্ধে তোলাবাজি-কাটমানির অভিযোগ! ফের অস্বস্তি বিজেপির অন্দরে

আজ, ১১ অগাস্ট, রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতও হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি। ফলে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। 

আগামী কয়েক দিনেও বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহের শেষের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। ফলে একদিকে বর্ষার বৃষ্টি, অন্যদিকে ভ্যাপসা গরম—এই দুইয়ের জোড়া প্রভাবে আগামী কয়েক দিনও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বাইরে বেরোনোর ক্ষেত্রে বৃষ্টির কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ।