মাঝে কেটে গিয়েছে ছটা বছর। বিরল স্নায়ুরোগকে হারিয়ে প্যারিসের মঞ্চে সেলিন ডিওনের (Celine Dion) ‘অলৌকিক’ প্রত্যাবর্তন ঘটেছে। যেখানে তিনি অশ্রুসজল চোখে অক্লেশে গাইলেন ‘টাইটানিক’ ছবির সেই কালজয়ী গান ‘My Heart Will Go On’। ২০২২ সালে ‘স্টিফ পারসন সিন্ড্রোম’ (Stiff Person Syndrome) নামের এক জটিল ও নিরাময়হীন অটোইমিউন রোগে আক্রান্ত হন। তারপর এটাই ছিল তাঁর প্রথম সোলো লাইভ কনসার্ট। প্যারিসের হাউসফুল শ্রোতাদের সামনে পপ-সম্রাজ্ঞীর এই ফিরে আসাকে সঙ্গীত সমালোচকরা একপ্রকার ‘অলৌকিক’ ঘটনা বলেই আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন: ৮ বছর পর একই মঞ্চে মা-মেয়ে! সানা-ডোনার নাচের ছন্দে মুগ্ধ ‘মহারাজ’

শনিবার রাতে প্যারিসের মঞ্চে যখন সেলিন ডিওন হাজির হন, তখন উপস্থিত হাজার হাজার দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ১৯৯৮ সালের ফরাসি ব্যাল্যাড “On ne change pas” দিয়ে গান শুরু করতেই আবেগ ধরে রাখতে পারেননি ৫৮ বছর বয়সী এই মহাতারকা। চোখ থেকে গড়িয়ে পড়ে আনন্দের অশ্রু। সেলিন বলেন, “আমি নিজেকে কথা দিয়েছিলাম কাঁদব না। কিন্তু আপনাদের সামনে দেখে আমি আর আবেগ ধরে রাখতে পারছি না। আপনাদের ভীষণ মিস করতাম।” তিনি আরও বলেন, “আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আবার মঞ্চে ফিরব। আপনাদের জন্য গাইব, নিজের জন্য গাইব এবং জীবনের জন্য গাইব। আর সেই প্রতিশ্রুতি রাখতে পেরে আমি ভীষণ খুশি।”

আরও পড়ুন: দশ টাকা থেকে পাঁচ হাজার! গণেশ পুজোয় পেল্লাই লাড্ডুর চমক ব্যান্ডেলে

২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন প্রথম তাঁর এই বিরল রোগের কথা প্রকাশ্যে আনেন। এই রোগে আক্রান্ত হলে শরীরের পেশিগুলো শক্ত হয়ে যায় এবং তীব্র ও যন্ত্রণাদায়ক খিঁচুনি তৈরি হয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, রোগটি তাঁর স্বরযন্ত্রে এতটাই চাপ সৃষ্টি করত যে মনে হত কেউ যেন তাঁর গলা টিপে ধরেছে, যার ফলে গান গাওয়া অসম্ভব হয়ে পড়েছিল।

এই অসুস্থতার কারণে তাঁর বহু কনসার্ট বাতিল করতে হয়েছিল। তবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আইফেল টাওয়ারের ওপর দাঁড়িয়ে গান গেয়ে তিনি ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। আর এবার পূর্ণাঙ্গ কনসার্টের মাধ্যমে মঞ্চে নিজের রাজকীয় প্রত্যাবর্তনকে বাস্তবে রূপ দিলেন।

আরও পড়ুন: ম্যান ইউ-লিভারপুলে রিঙ্কু-কুলদীপরা, কাউন্টিতে সুযোগ পেলেন মুকেশও

সূত্রের খবর, সেলিন ডিওনের এই ধামাকা প্রত্যাবর্তন কোন একক শো-এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। চলতি বছরের ১২ সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত প্যারিসে মোট ১০টি লাইভ শো করার পরিকল্পনা রয়েছে তাঁর। নিজের জন্মদিন উপলক্ষে ভক্তদের এই সেরা উপহার দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি।

কনসার্টের শেষলগ্নে যখন তিনি ‘My Heart Will Go On’ পরিবেশন করেন, তখন গোটা হল জুড়ে তৈরি হয় এক অবিশ্বাস্য আবেগঘন মুহূর্ত। রোগব্যাধির সমস্ত প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সেলিনের এই গায়কী প্রমাণ করে দিল—শত কঠিন পরিস্থিতির মাঝেও তাঁর সুরের জাদু চিরকাল অম্লান থাকবে।