৮ বছর পর মঞ্চে সৌরভ কন্যা সানা। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে ওডিশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মা ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটিতে পারফর্ম করলেন সানা। আর মেয়ের এই বিশেষ প্রত্যাবর্তন চাক্ষুষ করতে প্রথম সারির দর্শকাসনে উপস্থিত ছিলেন খোদ ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। মেয়ের আমন্ত্রণেই যে দর্শকাসন আলো করে ছিলেন সৌরভ সে কথা জানালেন ডোনা। এই মনকাড়া মুহূর্তের ভিডিওটি সমাজমাধ্যমে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। 

আরও পড়ুন: চুলের যত্নে দারুণ উপকারী! ডিমের খোসার গুণ জানলে চমকে যাবেন

কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল তিলোত্তমা। ৮ বছর পর মঞ্চে ঘুঙুর বাঁধলেন সৌরভ ও ডোনার কন্যা সানা গঙ্গোপাধ্যায়। পাশে সুযোগ্য মেন্টর তথা মা ডোনা গঙ্গোপাধ্যায়। আর দর্শকাসনে বসে সেই মনকাড়া পারফরম্যান্সের প্রতিটি মুহূর্ত তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে সৌরভকে দেখা গেল একজন মুগ্ধ দর্শক এবং গর্বিত বাবা হিসেবে। 

আরও পড়ুন: ১৮ বছরে পা সম্পর্কের! ভালবাসার উদযাপনে শোভন-বৈশাখী

সানা পেশাগত সূত্রে এখন লন্ডনে কর্মরত। স্বাভাবিকভাবেই নাচের নিয়মিত অভ্যাস থেকে কিছুটা দূরেই থাকতে হয়েছিল তাঁকে। ডোনা গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সানা প্রায় ৮ বছর পর স্টেজে পারফর্ম করল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই অনুষ্ঠানের জন্য সানা প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিল মাত্র চার দিন! মা-মেয়ের এই ওডিশি নাচের যুগলবন্দি অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। সানা নিজেই জানান, দীর্ঘদিন পর মঞ্চে নামার আগে কিছুটা ভয় কাজ করছিল, তবে পারফরম্যান্স সফল হওয়ায় তিনি অত্যন্ত খুশি। এমনকি তাঁর একবারের আমন্ত্রণেই বাবাকে দর্শকের ভূমিকায় পেয়ে মেয়ে যে ভীষণ খুশি তা স্বীকারও করেছে। 

আরও পড়ুন: Subrata Cup: একাধিক ফুটবলার ভুয়ো! বিতর্কে চ্যাম্পিয়ন ঝাড়গ্রামের হাইস্কুল

অনুষ্ঠান শেষে সৌরভকে প্রশ্ন করা হয় ‘মা নাকি মেয়ে? কার নাচ সেরা?’ স্বভাবসিদ্ধ ব্যাটিং স্টাইলে মহারাজ বলেন-“এটা বলা কঠিন। আমি তো নাচের সূক্ষ্ম বিষয়গুলো ভালো বুঝি না। আমি শুধু দেখতে এসেছিলাম। প্রায় ৭-৮ বছর পর সানার নাচ দেখলাম। আপনাদের সবার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগছে।”

আরও পড়ুন: আফগানিস্তানে একা ঘুরতে গিয়েই বিপদ! মুজাহিদিনের  হাতে ধৃত কেরলমের  মহিলা ভ্লগার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে শ্বশুরের পাশে বসে মেয়ের নাচের ছন্দে সৌরভের মাথা নাড়ানোর এই পারিবারিক ও মিষ্টি কোলাজ নেটিজেনদের মুগ্ধ করেছে। এত বছর পর মেয়ের পারফরম্যান্সে মা ডোনাও ভীষণ খুশি। “ও মাত্র ৪ দিনে এত ভালো পারফর্ম করবে আমি নিজেও ভাবিনি।” সামনেই মহালয়া। সেই অনুষ্ঠানেও মেয়েকে পারফর্ম করার জন্য অনুরোধ করেছেন ডোনা। মায়ের অনুরোধ কতটা রাখেন সানা এখন সেটাই দেখার।