ভারতীয় মজদুর সঙ্ঘের (BMS) নাম করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মদ্যপ অবস্থায় ফেসবুকে লাইভে (Facebook Live) এসে এলাকার জিম ট্রেনারদের (Gym Trainer) সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কার্যত নিদান দেন তিনি। একই সঙ্গে লাইভে একাধিক সংগঠনকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও উঠেছে যুবকের বিরুদ্ধে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।
আরও পড়ুন: জ্ঞানেশের ইস্তফার দাবিতে INDIA-র লড়াইয়ে সামিল বিজয়ের TVK
অভিযুক্ত যুবকের নাম বিদ্যুৎ দে। সূত্রের খবর, তিনি বিএমএস-এর নিউ ব্যারাকপুর নগর ইউনিটের অর্গানাইজিং সেক্রেটারি পদে রয়েছেন। পেশায় জিম ট্রেনার হিসেবে পরিচিত বিদ্যুৎ। সম্প্রতি তাঁর একটি ফেসবুক লাইভ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, লাইভে এলাকার জিম ট্রেনারদের উদ্দেশে বিএমএস-এর সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি, মদ্যপ অবস্থায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় তাঁকে। লাইভের একাধিক অংশে তাঁর ব্যবহৃত ভাষা নিয়েও উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন: "জঙ্গলরাজের সংস্কৃতি চলতে পারে না": আইনজীবী শামীমের উপর হামলায় সরব মমতা
সূত্রের দাবি, মাইকেলনগরে ওই যুবকের বাড়ি। গত বছরও তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে। গোটা বিষয়টিই এখন বিচারাধীন অবস্থায় রয়েছে।















