দমদমে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ। প্রমোদনগর, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটি কারখানায় চাকরির দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত দমদম। কারখানায় ঢুকে কর্মীদের উপর হামলা এবং জোর করে নিজেদের লোকদের নিয়োগের দাবির অভিযোগ উঠল বিজেপি বিধায়ক ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে দমদমের প্রমোদনগরে অবস্থিত Eastern Organic Fertilizers Pvt Ltd-এর কারখানায় প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল ঢুকে পড়ে। কারখানায় নিজেদের পছন্দের কয়েকজনকে কাজে নিয়োগ করার দাবি জানানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ফ্রিজে স্ত্রীর কাটা মুণ্ডু, গ্রেফতারির পর পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু অভিযুক্ত স্বামীর

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংস্থার অভিযোগ, ওই ব্যক্তিরা কারখানার বেশ কয়েকজন কর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন। আক্রান্তদের মধ্যে সংস্থার কয়েকজন উচ্চপদস্থ কর্মীও রয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের। এই ধরণের গুন্ডামির ফলে কারখানার স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হয় বলে অভিযোগ। এই ঘটনার কিছু মুহূর্তে সেখানে থাকা সিসিটিভিতে রেকর্ড হয়। ওই দলের বিরুদ্ধে তোলাবাজির জন্য টাকা চাওয়ার এবং কর্মীদের ভয় দেখানোর অভিযোগও তুলেছে সংস্থা। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুদীর সাতনালিওয়ালা জানিয়েছেন, স্থানীয় এক প্রভাবশালী বিজেপি নেতার ঘনিষ্ঠ বলে নিজেদের পরিচয় দিয়েছিলেন অভিযুক্তদের কয়েকজন। কারখানার প্ল্যান্ট ইনচার্জ রীতেশ আগরওয়াল-সহ কয়েকজন সিনিয়র কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ সংস্থার। আরও দাবি, রবিবার সকালে ওই দলের কয়েকজন ফের কারখানায় এসে উৎপাদন ও অন্যান্য কাজকর্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

আরও পড়ুন: গয়না থেকে ভল্টের চাবি: কালীঘাট মন্দিরের অনিয়ম নিয়ে শীর্ষ আদালতে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার

ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, সংস্থার তরফে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মীদের নিরাপত্তার জন্য কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন সংস্থার কর্তারা। তবে দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সির দাবি, এলাকায় বেআইনি কার্যকলাপের প্রতিবাদকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে যদিও ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তাঁর এই দাবি একেবারেই ধূলিস্যাৎ হয়ে গিয়েছে।