ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerejee) 'বাংলাদেশের একটা বড় খুনি' মন্তব্য নিয়ে মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তাঁর মন্তব্য নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার উদ্দেশ্য নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আদালত। বুধবারের শুনানিতে সেই মামলা খারিজ করে দিল।

আরও পড়ুন: শিশুমৃত্যুর তদন্তে গাফিলতির প্রমাণ, বন্ধ নার্সিংহোমের সমস্ত পরিষেবা

আজ এই মামলায় হাই কোর্টে রিপোর্ট পেশ করেছিল রাজ্য সরকার (West Bengal Government)। তা খতিয়ে দেখে জনস্বার্থ মামলা খারিজ করে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মমতার মন্তব্যে কোনও আদালতগ্রাহ্য অপরাধ মেলেনি। এরপরেই মামলা খারিজ হয়ে যায়। 

গত ২ জুন ধর্মতলায় ওয়াই চ্যানেলের সামনে ধর্না থেকে থেকে বাংলাদেশ নিয়ে একটি মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'বাংলাদেশের একটা বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভোলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার বলার অধিকার নেই। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির(Osman Hadi) হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত ছিল তাঁর। তারপরেই তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক অভ্রতনু সরকার। 

আরও পড়ুন: জোড়াফুল কার দখলে? শেষ নথির অপেক্ষায় কমিশন, শুক্রবার স্ক্রুটিনি

সেই মামলায় পয়লা সেপ্টেম্বরের শুনানিতে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। আদালতের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন তোলেন, "যে যা কিছু বলবেন, তা-ই (আদালতকে) শুনতে হবে? এটি কেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে?" উষ্মাপ্রকাশও করেন। বলেন, "আজকাল জনস্বার্থ মামলাকে একটি বিশেষ 'টুল' বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।" এ প্রসঙ্গে প্রয়াত অভিনেতা তথা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে পুরনো মামলার কথাও উল্লেখ করে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য ছিল, 'তাপস পালের মামলার কথা মনে আছে? সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল।'