‘ডিজিটাল অ্যারেস্ট’-এর (Digital Arrest) নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে এবার তদন্তে নামছে সিবিআই (CBI)। নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া ২.৬৬ কোটি টাকার প্রতারণার মামলাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলার যাবতীয় নথি আগামী সাত দিনের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে হবে রাজ্যকে। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Saugata Bhattacharyya) এজলাসে মামলাটির শুনানি হয়।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সম্মানিত কার্তিকের চোখে জল, রাষ্ট্রীয় সম্মাননায় আবেগাপ্লুত অঞ্জন
জয়শ্রী রামকৃষ্ণন-সহ আরেক আবেদনকারীর অভিযোগ, বিভিন্ন সরকারি তদন্তকারী সংস্থার পরিচয় দিয়ে তাঁদের ভয় দেখানো হয়। ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে ফেলে ধাপে ধাপে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রতারণার অঙ্ক প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা বলে আদালতে জানান মামলাকারীরা।
আরও পড়ুন: দমদমে প্রকাশ্য বাক যুদ্ধে দুই পদ্ম বিধায়ক, শারদ্বত- পীযুষের কোন্দলে অস্বস্তি বিজেপিতে
ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার প্রতারণার ঘটনায় তদন্তের ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সেই নির্দেশের বিষয়টি বিবেচনায় রেখেই নরেন্দ্রপুর থানার মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাইকোর্ট।
ফলে এবার রাজ্য পুলিশের তদন্তের বদলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই গোটা ঘটনার তদন্ত করবে। প্রতারণার সঙ্গে কারা যুক্ত, কীভাবে এত বিপুল টাকা হাতবদল হয়েছে এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তদন্তে সেই বিষয়গুলিও উঠে আসতে পারে।
















