মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যেতে হবে। না গেলে পরে সমস্যা হতে পারে। ফোনের ওপার থেকে এক তরুণীকে এমনই ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির উত্তর দমদম পুরসভার (North Dum Dum Municipality) কর্মীর পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ফোনালাপের অডিয়ো রেকর্ডিং। যদিও ভাইরাল হওয়া ওই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

আরও পড়ুন: রুগ্ন পশুদের দেখে উদ্বেগ, আলিপুর চিড়িয়াখানার পরিকাঠামোয় ক্ষুব্ধ বনমন্ত্রী

ফোনে নিজেকে তপন চক্রবর্তী বলে পরিচয় দেন ওই ব্যক্তি। দাবি করেন, তিনি উত্তর দমদম পুরসভার কর্মী। কথোপকথনে তিনি জানান, ১৭ তারিখ সকালে সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বইমেলার অনুষ্ঠানে যাওয়ার আয়োজন করা হয়েছে। ওই তরুণীকে সকাল ৮টার মধ্যে এলাকার একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে বলেন তিনি। সেখান থেকে বাসে করে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে। প্রাতঃরাশ থেকে দুপুরের খাবার, সবকিছুর ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। তবে অনুষ্ঠানে যেতে রাজি হননি তরুণী। ফোনেই স্পষ্ট জানিয়ে দেন, তিনি যাবেন না। এমনকি এই ভাবে ফোন করে চাপ দেওয়ার অভিযোগ পুলিশের কাছে জানাবেন বলেও পাল্টা সতর্ক করেন তরুণী। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: ভরদুপুরে বাগুইআটিতে অসুস্থ যুবককে খুন করে লুঠ!

প্রথমে ওই তরুণী অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন কি না, তা জানতে চান ফোন করা ব্যক্তি। এরপরেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলতে গিয়ে তাঁর গলায় হুমকির সুর শোনা যায় বলে অভিযোগ। ‘পরবর্তীতে সমস্যা হলে কিন্তু জানি না’, এমন হুমকিও শোনা যায় ওই ব্যক্তির গলায়। ভাইরাল হওয়া এই ফোনালাপ ঘিরেই উঠছে প্রশ্ন। কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার সঙ্গে কোনও রাজনৈতিক বা সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়কে এভাবে জুড়ে দেওয়া যায়! একই সঙ্গে ফোন করা ব্যক্তি সত্যিই উত্তর দমদম পুরসভার কর্মী কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।