শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল (Santipur State General Hospital) চত্বরে ন্যায্য মূল্যের ওষুধের দোকানকে ঘিরে ছড়াল উত্তেজনা। রোগীর পরিজনদের অভিযোগ, ওই দোকান থেকেই মেয়াদ-উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে। শনিবার সকালে অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে রোগীর আত্মীয়েরা। বিক্ষোভের জেরে আপাতত দোকানটি বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: মধুচন্দ্রিমায় শাহরুখের মিথ্যে! কোথায় গিয়েছিলেন স্ত্রী গৌরীকে নিয়ে?
ঘটনার সূত্রপাত দিন দু’য়েক আগে। শিশুকে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে এসেছিলেন চন্দনা সাহা (Chandana Saha) নামে এক মহিলা। চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতাল চত্বরের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকেই প্রয়োজনীয় ওষুধ কেনেন তিনি। কিন্তু বাড়ি ফিরে ওষুধের পাতা খোলার পরই সন্দেহ হয়। পরিবারের দাবি, কয়েকটি ট্যাবলেট ভাঙা অবস্থায় ছিল। পাশাপাশি ওষুধ থেকে দুর্গন্ধও বেরোচ্ছিল বলে অভিযোগ। এরপরই ওষুধের মেয়াদ নিয়ে ওঠে প্রশ্ন।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথেই বিপদ! ধস নামা রাস্তায় খাদে বাইকচালক
বিষয়টি ছড়িয়ে পড়তেই শনিবার সকালে হাসপাতালে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও রোগীর পরিজনেরা। অভিযোগের তদন্ত না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার দাবি ওঠে। শেষ পর্যন্ত তাঁদের অভিযোগের ভিত্তিতেই দোকানটি আপৎকালীন সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।
তবে দোকানের কর্মীদের বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে লিখিত ভাবে দোকান বন্ধ রাখার কোনও নির্দেশ তাঁদের দেওয়া হয়নি। সাধারণ মানুষের অভিযোগের পর পরিস্থিতি বিবেচনা করে সাময়িক ভাবে দোকান বন্ধ রাখা হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার তারক বর্মন। তিনি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
















