লক্ষ প্রদীপে আলোকিত হল বাজে কদমতলা ঘাট (Baje Kadamtala Ghat)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিশেষ আয়োজন করা হয়। রাজ্যে এই প্রথমবার প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে এমন অনুষ্ঠান। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দেশের সেবায় মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন বলে জানান তিনি। একইসঙ্গে অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে এদিন অভিনন্দন জানান শুভেন্দু।
আরও পড়ুন: বাংলায় শুরু ‘পিএম বিশ্বকর্মা’, ধনধান্যে শংসাপত্র বিলি মুখ্যমন্ত্রীর
তবে শুধু বৃহস্পতিবারের অনুষ্ঠানেই শেষ নয় উদযাপন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগামী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে জেলায় জেলায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। থাকবে কলস যাত্রা, রঙ্গোলি-সহ নানা কর্মসূচি। এ দিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি, মন্ত্রি তাপস রায়, ইন্দ্রনীল খাঁ -সহ উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা।
আন্তর্জাতিক মহলে ভারতের প্রভাব ও সক্ষমতা যে গতিতে বাড়ছে, তার পিছনে প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্ত ও দূরদর্শিতার কথাই তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অতিমারির সময় অল্প সময়ের মধ্যেই দেশ ভ্যাকসিন তৈরি করে শুধু নিজের প্রয়োজন মেটায়নি, ৫৫টি দেশকেও বিনামূল্যে তা দিয়ে সহায়তা করেছিল। একইসঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে ভারতের এগিয়ে চলাকেও তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। কূটনৈতিক ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তাঁর কথায়, ব্রিকস সম্মেলনে পহেলগামে জঙ্গি হামলার নিন্দা করে তৈরি যৌথ সনদে চিন ও রাশিয়ার স্বাক্ষর ভারতের কূটনৈতিক সাফল্যেরই প্রতিফলন।
আরও পড়ুন: লাল সন্ত্রাস মাথাচাড়া দিতে দেব না: মাওবাদী নেতা আকাশ গ্রেফতারির পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রীর আমলে অর্থনৈতিকভাবে উন্নত হওয়া প্রায় ২৫ কোটি ভারতীয়কে নিয়েও বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ২০৪৭ সালের ভারত নিয়ে পড়ুয়াদের ভাবনা জানতে আঁকা প্রতিযোগিতা, বিতর্ক সভা ও কুইজের আয়োজন করা হবে।
এদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তও সাজিয়ে তোলা হয়। আলোর মালায় সেজে ওঠে হাওড়া ব্রিজ। মুখ্যমন্ত্রীর কথায়, আগামী প্রায় এক মাস ধরে রাজ্যজুড়ে চলবে এই ধরনের নানা কর্মসূচি।
















