জাপান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথিত চিতাভস্ম ভারতে ফেরাতে চান তাঁর কন্যা অনিতা বসু পাফ। এই দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তিনি। মঙ্গলবার সেই মামলায় কেন্দ্রের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটি ওঠে। অনিতার হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর বক্তব্য শোনার পর কেন্দ্রকে নোটিশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: মণ্ডল সভাপতির বিরুদ্ধে তোলাবাজি-কাটমানির অভিযোগ! ফের অস্বস্তি বিজেপির অন্দরে

দীর্ঘদিন ধরেই নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন অনিতা। একবার নেতাজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কোন বিষয়কে সব চেয়ে ভয় পান এবং ঘৃণা করেন। তাঁর উত্তরে তিনি জানান, 'নির্বাসনে থাকা'। এই কথাকে স্মরণ করে অনিতা জানান, "জাপানের রেনকোজি মন্দিরে নেতাজির কথিত চিতাভস্ম রাখা রয়েছে। এত বছর পরেও তা দেশে ফেরানো সম্ভব হয়নি।"

আরও পড়ুন: সভার অনুমতি শেষ মুহূর্তে বাতিলের নাটক! ক্ষুব্ধ কোর্ট বলল, "কী উদ্দেশ্যে এসব করা হচ্ছে?"

১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। যদিও একাধিক তদন্ত ও নথিতে ওই বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যুর কথা উঠে এসেছে বলে দাবি অনিতার। তাঁর মতে, নেতাজির মৃত্যু নিয়ে পরিবারের মধ্যেও দীর্ঘদিন সংশয় ছিল। কিন্তু পরবর্তী সময়ে পাওয়া বিভিন্ন নথি এবং ১১টি তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাইহোকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে মেনে নেওয়া উচিত। রেনকোজি মন্দিরে থাকা চিতাভস্ম যে নেতাজিরই, তা প্রমাণ করতে ডিএনএ পরীক্ষায় নিজের নমুনা দিতে রাজি বলেও জানিয়েছেন অনিতা। এখন কেন্দ্র সুপ্রিম কোর্টে কী বক্তব্য জানায়, সেদিকেই নজর।