প্রতিশ্রুতির অন্নপূর্ণা নিয়ে এবার বিজেপির (BJP) ঘরেই ক্ষোভ! ক্ষমতায় আসার আগে মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতির টাকা নিয়েই এখন জেলায় জেলায় ক্ষোভের ছবি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, টাকা না পেয়ে হুগলির পোলবায় (Polba of Hooghly) পঞ্চায়েত দফতরে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে বিজেপির মহিলা কর্মীদের বিরুদ্ধেই। তাঁদের দাবি, আবেদন করে মাসের পর মাস কেটে গেলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। শুধু হুগলি নয়, মালদহ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কোচবিহারেও একই অভিযোগে পথে নেমেছেন মহিলারা। কোথাও বিডিও অফিস ঘেরাও, কোথাও এসডিও দফতরের সামনে অবস্থান, আবার কোথাও রাজ্য সড়ক অবরোধ। ফলে প্রশ্ন উঠছে, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির ৩ হাজার টাকা নিয়ে এত টানাপোড়েন কেন?
পোলবার ঘটনায় বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পর তিন-চার মাস কেটে গেলেও তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। চুঁচুড়ার বিধায়কের কাছেও বিষয়টি জানানো হয়েছিল বলে দাবি তাঁদের। তাতেও সমাধান না হওয়ায় পঞ্চায়েত দফতরে এসে তালা ঝোলানোর সিদ্ধান্ত নেন বিজেপির মহিলা কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে। এক বিক্ষোভকারীর কথায়, ‘‘জুলাই মাসে আবেদন করেছি। এখনও অপেক্ষা করতে বলা হচ্ছে। টাকা দিলে সকলকে দিক, না হলে দিতে হবে না।’’

হুগলির ঘটনার পাশাপাশি এ দিন সবচেয়ে বেশি বিক্ষোভের ছবি সামনে এসেছে কোচবিহারে (Cooch Behar)। জেলা সদর শহরে এসডিও অফিসের সামনে অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে অবস্থানে বসেন মহিলারা। তাঁদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও টাকা মেলেনি এবং আগেও প্রশাসনের কাছে জানিয়ে কোনও স্পষ্ট উত্তর পাননি।
নদিয়ার কৃষ্ণগঞ্জেও (Krishnaganj, Nadia) একই ছবি। সকাল থেকে বিডিও অফিসের সামনে জড়ো হন একদল মহিলা। তাঁদের বক্তব্য, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাঁরা। কিন্তু একই সময়ে আবেদন করা এলাকার অন্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা গেলেও তাঁদের ক্ষেত্রে কেন তা আটকে রয়েছে, তার উত্তর মিলছে না। প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে দীর্ঘক্ষণ স্লোগান ও ধর্না চলে। পরে ব্লক প্রশাসনের প্রতিনিধিরা কথা বলে আবেদন ও নথি যাচাইয়ের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সরে যান।

দিনহাটায় (Dinhata) প্রথমে বিডিও অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। পরে মহিলারা বেরিয়ে দিনহাটা-কোচবিহার সড়কে বসে পড়েন। প্রায় চার মাস আগে আবেদন করেও টাকা না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ জানান তাঁরা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভের জেরে কিছু সময় যান চলাচলেও প্রভাব পড়ে।
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে (Kharagpur in Paschim Medinipur) অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভের বহর গড়ায় রাজ্য সড়ক পর্যন্ত। পুরসভার গেটের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখান মহিলারা। পুলিশ গিয়ে কথা বলার পর রাস্তার অবরোধ ওঠে। তবে তারপরেও পুরসভার ভিতরে ঢুকে পুরপ্রধানের অফিস ঘিরে বিক্ষোভ চলতে থাকে। কয়েক মাস ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বলে তাঁদের অভিযোগ। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ জানিয়েছেন, বিক্ষোভকারীদের আবেদন জেলাশাসকের কাছে পাঠানো হবে এবং তাঁদের টাকা পাওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হবে।
আরও পড়ুন: পুজোর অনুদান সরাসরি কমিটির ব্যাঙ্কে! নয়া নিয়মে বিপাকে বহু উদ্যোক্তা
হাওড়াতেও (Howrah) একই দিনে দু’টি এলাকায় বিক্ষোভের খবর সামনে আসে। একদিকে পাঁচলা বিডিও অফিসের সামনে মহিলারা জড়ো হয়ে টাকা না পাওয়ার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও প্রায় চার মাস ধরে টাকা আসেনি। ক্ষোভের জেরে বিডিও অফিসের সামনের রাস্তায় অবরোধ করেন তাঁরা। প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে। অন্যদিকে উদয়নারায়ণপুরেও একই দাবিতে পথ অবরোধ করেন মহিলারা। সেখানে প্রশাসনের তরফে কিছু আবেদন প্রক্রিয়াধীন থাকা এবং ব্যাঙ্কের তথ্য বা DBT সংক্রান্ত সমস্যার কথাও জানানো হয়েছে।
পুন্ডিবাড়িতেও বিডিও অফিসের সামনে একই অভিযোগে জমায়েত করেন মহিলারা। পরে তাঁদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে কোচবিহার-শিলিগুড়ি সড়কে। রাস্তা আটকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। তাঁদের বক্তব্য, এলাকার অন্য মহিলারা প্রকল্পের টাকা পেলেও তাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। পুলিশ গিয়ে কথা বলার পর অবরোধ তুলে নেওয়া হয়।
আরও পড়ুন: স্কুলের করিডরে শিক্ষিকাকে গুলি, পড়ুয়াদের সামনেই মৃত্যু! পরে আত্মঘাতী অভিযুক্ত
মাথাভাঙা-১ ব্লকেও চার মাস ধরে টাকা না পাওয়ার অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ দেখান মহিলারা। সেখান থেকে মাথাভাঙা-ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কে বসে পড়েন তাঁরা। অবরোধের জেরে দূরপাল্লার গাড়ি-সহ বহু যান আটকে যায়। খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছন। প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবশেষে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
অন্নপূর্ণা যোজনা নিয়ে এই ক্ষোভ অবশ্য নতুন নয়। এর আগেও টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। এমনকি গত মাসে নদিয়ার করিমপুর-২ ব্লক অফিসে তালা দেওয়ার ঘটনায় গ্রেফতারের ঘটনাও ঘটেছিল। তবে ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’-এর কর্মসূচিতে রাজ্যের ১.৫৮ কোটি মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর কথা বলেছিল রাজ্য সরকার। তার পরেও টাকা না পাওয়ার অভিযোগে ফের এই বিক্ষোভ। ফলে ঘোষণার সঙ্গে মাঠের বাস্তব পরিস্থিতির ফারাক নিয়েই এখন সরব উপভোক্তাদের একাংশ।
















